প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড.জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি প্রেসক্লাব ও ঝালকাঠি সাংবাদিক ইউনিয়ন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন,আজকের এই সম্মাননা আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে। এ সম্মাননার জন্য আমি ধন্য ও কৃতজ্ঞ।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে জিয়াউদ্দিন হায়দার বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ছিল। আগের সরকারের সময় বড় প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া হলেও বর্তমান সরকার তুলনামূলক কমসংখ্যক প্রতিনিধি নিয়ে অংশ নিয়েছে। সেই প্রতিনিধিদলের একজন হিসেবে তিনিও অধিবেশনে যোগ দেন।
স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আমরা প্রথমবারের মতো স্বাস্থ্যব্যবস্থায় পরিবর্তন আনতে চাই। আমরা চাই, রোগ হওয়ার আগেই রোগ নির্ণয় করতে। এ জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে চাই।
তিনি আরও বলেন, জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা এবং সংক্রমণের পরিস্থিতিতে কীভাবে কাজ করা যায়, সে বিষয়গুলো তুলে ধরেছেন। দেশের স্বাস্থ্যব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে জিয়াউদ্দিন হায়দার বলেন, গত ১৭ বছরে শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব ক্ষেত্রে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেসব ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
শিশুদের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেকের সাফল্য ও অর্জনের সুফল কোমলমতি শিশুদের কাছে পৌঁছে দিতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।
ঝালকাঠি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ, বাংলাদেশ পেট্রোলপাম্প মালিক সমিতির মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ এবং ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিচুর রহমান তাপু।
এ ছাড়া বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ স ম মাহমুদুর রহমান পারভেজ, দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা জজ আদালতের জিপি এডভোকেট মাহাবুব আলম কবীর, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোসলেম আলী সিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান, সিটিক্লাব ও পাঠাগারের সম্পাদক আজাদ হোসেন পান্না প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বক্তব্য দেওয়ায় ডা. জিয়াউদ্দিন হায়দারকে অভিনন্দন জানান। তাঁরা ঝালকাঠির উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন