প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলের মাইজপাড়া-পোড়াডাঙ্গা-ধলগা সড়কের হোসেনপুর এলাকায় একটি গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, যার ফলে চালক ইকরামুল মোল্যা (৪৩) নিহত হন। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইকরামুল যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের আবুবক্কর মোল্যার ছেলে ছিলেন।
বহরমপুর গ্রামের সাকিল আহম্মেদ জানান, ইকরামুল শনিবার সকালে পাশের খলসি গ্রামের শওকতের বাড়ি থেকে দু’টি গরু কিনে ট্রলিতে করে নড়াইল পৌরসভার গারুচিরায় আসছিলেন। পথে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় একটি মোড়ে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ইকরামুলকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মেজবাহ আহম্মেদ শাওন জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ইকরামুলের পরিবারের সদস্যরা জানান, এ দুর্ঘটনায় গরু দুটিও আহত হয়েছে। ইকরামুল কয়েক বছর সৌদিআরবে থাকার পর প্রায় ছয় মাস আগে দেশে ফিরে ট্রলি চালানো শুরু করেন। গৃহস্থ ও ব্যবসায়ীদের গরু কেনাবেচার কাজে ইকরামুল ট্রলি নিয়ে বিভিন্ন হাট এবং গ্রাম-গঞ্জে যেতেন। শনিবার তিনি পাশের গ্রামের শওকতের বাড়ি থেকে ট্রলিতে করে দু’টি গরু আনার সময় এই দুর্ঘটনায় নিহত হন। তার পরিবারে স্ত্রী, একটি ছেলে ও দু’টি মেয়ে রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন