প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার। সোমবার (১৯ অক্টোবর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক আয়োজন, পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি অনুদান প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে আবু তাহের তালুকদার বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং টিম গঠন করা হয়েছে। পূর্বধলা উপজেলার ৬৬টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদ্যাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তাকর্মী ও অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
আবু তাহের তালুকদার বলেন, “হিন্দু-মুসলিম আমরা সবাই বাংলাদেশি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্মীয় উৎসব সুন্দরভাবে উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে হবে।”
তিনি বলেন, পূর্বধলা উপজেলায় সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপনে উপজেলা বিএনপি পূজামণ্ডপগুলোর পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন