প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রায় ৯ মাস ধরে চলমান যুদ্ধে ইরানের প্রধান অস্ত্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। যুদ্ধ শুরুর পূর্বে যে জলপথের মাধ্যমে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবাহিত হতো, সেটির নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান তেলের দাম এবং যুদ্ধের গতিপথ নির্ধারণের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে প্রচেষ্টা চালাচ্ছে ইরানকে কাবু করার জন্য, তা হরমুজে এসে ডুবে যাচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালি বর্তমানে সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার ফলে এবং তেল থেকে নিজেদের আয় কমে যাওয়ায় ইরান আবারও হরমুজ প্রণালিতে হামলা বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম গত অক্টোবরে হামলার সংখ্যা ৩০-এর বেশি হয়ে গেছে। রয়্যাল নেভি-সংশ্লিষ্ট ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার- ‘ইউকেএমটিও’ হামলার পরিসংখ্যান প্রকাশ করেছে। ইউকেএমটিও-এর তথ্যের ভিত্তিতে সিএনএন-এর বিশ্লেষণ অনুযায়ী, রবিবার পর্যন্ত নভেম্বরে অন্তত ২২টি হামলার খবর পাওয়া গেছে, যা যুদ্ধ শুরুর পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এই রিপোর্টিং এলাকার আওতায় রয়েছে হরমুজ প্রণালি, পারস্য উপসাগর এবং ওমান উপসাগর।
তবে ব্রিটিশ এই সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থার পরিসংখ্যানে প্রকৃত সংখ্যা কম উঠে আসার সম্ভাবনা রয়েছে। কারণ সংস্থাটি শুধুমাত্র প্রাথমিক উৎসের মাধ্যমে যাচাইকৃত ঘটনাগুলো প্রকাশ করে। শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক পর্যালোচনায় ইউকেএমটিও বলেছে, ‘আরো কিছু ঘটনার কথা জানা গেছে, তবে সেগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।’
সাম্প্রতিক মাসগুলোতে এই কৌশলগত জলপথে জাহাজের ওপর হামলা বেড়ে যাওয়ায় অনেক জাহাজ শনাক্তকরণ এড়াতে তাদের বাণিজ্যিক ট্র্যাকিং ডিভাইস বন্ধ করে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অক্টোবরের মাঝামাঝি প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, হামলায় আক্রান্ত বেশিরভাগ জাহাজই ইউকেএমটিও-কে জানাতে অস্বীকৃতি জানানোয় হামলার প্রকৃত সংখ্যা সঠিকভাবে তুলে ধরতে তারা হিমশিম খাচ্ছে।
এদিকে ইরানের সামরিক বাহিনী প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে প্রতিদিন হামলার দাবি করেছে। এসব হামলায় ড্রোন বা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সামুদ্রিক মাইনও ব্যবহার করা হচ্ছে। ইউকেএমটিও-এর তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর ওমানের খাসাবের কাছে হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে একটি জাহাজে আগুন ধরে যায় এবং তা পুরো জাহাজকে গ্রাস করে।
অক্টোবরের আগে এই অঞ্চলে রিপোর্ট করা হামলার সংখ্যা ছিল গড়ে প্রতি মাসে প্রায় ১০টি। পরিসংখ্যানের তারতম্য থাকলেও, আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা-এর তথ্যও ইঙ্গিত দেয় যে এ বছর এখন পর্যন্ত অক্টোবরেই নিশ্চিত ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি। এই সংঘাত শুরুর পর থেকে প্রণালিটি একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে পরিণত হয়েছে, যেখানে হামলাগুলো তেল ও গ্যাস পরিবহন ব্যাহত করছে এবং বৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে।
যুদ্ধের সূচনাকারী যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর ইরান নৌ-যান চলাচল বন্ধ করার চেষ্টা শুরু করে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ যে প্রণালি দিয়ে পরিবাহিত হতো, সেই চ্যানেল দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ২০২৫ সালের ভিত্তিমাত্রার তুলনায় এখনো কম রয়েছে।
সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ম্যারিস্কসের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ও শনিবার প্রণালি থেকে বের হওয়া তিনটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র বা গোলা আঘাত হেনেছে। হামলার পেছনে কারা ছিল তা ম্যারিস্কস নিশ্চিত করেনি, তবে ইরানের সম্পৃক্ততা সম্ভাব্য বলে মূল্যায়ন করা হয়েছে।
বিশ্ববাজারে তেলের দাম কমতে থাকায় এবং ইরানের অভ্যন্তরীণ অপরিশোধিত তেল থেকে আয় ক্রমবর্ধমান চাপে পড়ায় তেহরান হামলা বাড়িয়ে চলেছে। বিশেষজ্ঞদের মতে, জলপথের ওপর দেশটি তার প্রভাব হারাচ্ছে এবং ওয়াশিংটনের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টায় তারা হামলা আর বাড়াতে পারে। আন্তর্জাতিক শক্তি সংস্থা তেলের দামের সাম্প্রতিক পতনের জন্য উপসাগরীয় অঞ্চলের রপ্তানি পুনরুদ্ধারকে দায়ী করেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপের আশঙ্কা কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পরও তেলের দাম কমেছে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ থিংকট্যাংকের সিনিয়র ইরান বিশ্লেষক হামিদরেজা আজিজি সিএনএনকে বলেন, ‘বাজারগুলো ক্রমশ এই ধারণাই করছে যে পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়ার আশঙ্কা কম এবং তেল সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে। তবে ইরান সংঘাত তীব্র করার সিদ্ধান্ত নিলে এই ধারণা দ্রুত বদলে যেতে পারে।’
এদিকে, সামুদ্রিক তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের মতে, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকায় বিশ্ববাজারে দেশটির তেল সরবরাহ রুদ্ধ হয়ে পড়ায় ইরানের অভ্যন্তরীণ তেল আয় দ্রুত কমছে। অক্টোবরের শেষ দিকে কেপলার জানায়, ‘যুক্তরাষ্ট্রের অবরোধ অঞ্চলের বাইরে পানিতে থাকা ইরানি তেলের পরিমাণ শূন্যে নেমে এসেছে। কারণ চলতি মাসের শুরুর দিকে চীনে সর্বশেষ কার্গো খালাস করা হয়েছে। এর ফলে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ ইরানের তেল আয় শূন্যে নেমে আসতে পারে।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে বলেছেন যে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। নিজের মালিকানার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সে দিন অনেক আগেই চলে গেছে! তাদের শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে, আর তাদের প্রণালিও আমাদের দখলে!’ পরবর্তী সময়ে তিনি ইঙ্গিত দেন যে প্রয়োজন হলে ইরানে আবারও সামরিক হামলা চালাতে তিনি দ্বিধা করবেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন