প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থানে অটল রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন, ইসরাইলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে এবং যদি কেউ প্রবেশ করে, তবে তাকে বহিষ্কার করা হবে। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নিপীড়ন ও দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এই নীতি গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, "মালয়েশিয়ায় কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে।" তিনি উল্লেখ করেন, ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে একটি আন্তর্জাতিক প্রযুক্তি ও ডিজিটাল যাযাবরদের কমিউনিটি নেটওয়ার্ক স্কুলে ইসরাইলি নাগরিকদের উপস্থিতির অভিযোগ উঠার পর বিষয়টি আলোচনায় আসে। অভিযোগ ছিল, কিছু ইসরাইলি নাগরিক অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আনোয়ার বলেন, "বিষয়টি নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত করছে।" তিনি আরও বলেন, "মালয়েশিয়ার নীতিতে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।" যদি কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি নিশ্চিত হয়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ইসরাইলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত ইহুদিবিদ্বেষের কারণে নয়। বরং, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিপীড়ন, দখলদারিত্ব ও সহিংসতার বিরোধিতা থেকেই মালয়েশিয়া এই অবস্থান নিয়েছে। তিনি বলেন, "মালয়েশিয়া ইহুদি জনগণের বিরুদ্ধে নয়; বরং ইসরাইলের নিপীড়নমূলক কর্মকাণ্ড ও দখলদারিত্বের বিরোধিতা করছে।" যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতার আপত্তি সত্ত্বেও ইসরাইলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এর আগে, আটজন মার্কিন কংগ্রেস সদস্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দিয়ে ইসরাইলি নাগরিকদের বহিষ্কারের সিদ্ধান্তের সমালোচনা করেন। তারা মালয়েশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান জানান, ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার দীর্ঘদিনের নীতি যুক্তরাষ্ট্র সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে ওয়াশিংটনে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছিল।
মোহামাদ হাসান বলেন, "মালয়েশিয়ার অভিবাসন নীতিতে ইসরাইল রাষ্ট্র বা দেশটির ভ্রমণ নথি স্বীকৃত নয়।" তিনি উল্লেখ করেন, এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিন ধরে দেশটি এই নীতি অনুসরণ করে আসছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বৈত নাগরিকত্ব থাকা একজন ব্যক্তি মার্কিন পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। পরবর্তী যাচাইয়ে তার ইসরাইলি নাগরিকত্বের বিষয়টি সামনে এলে তাকে দেশ ছাড়তে বলা হয়।
প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিনও বলেন, ইসরাইলি নাগরিকদের বহিষ্কারের সিদ্ধান্ত দেশটির দীর্ঘদিনের নীতির অংশ। মালয়েশিয়া ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং ইসরাইলি নাগরিকদের প্রবেশের অনুমতি দেয় না।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরাইলের ইস্যু করা ভ্রমণ নথি মালয়েশিয়ায় প্রবেশের জন্য স্বীকৃত নয়। বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে অভিবাসন যাচাই, নিরাপত্তা পরীক্ষা ও ঝুঁকি মূল্যায়ন আরও জোরদার করা হবে।
মন্ত্রণালয় জানায়, জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা কিংবা জাতীয় স্বার্থের জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের প্রবেশে বাধা দেওয়া হবে। এ ক্ষেত্রে ১৯৫৯/১৯৬৩ সালের অভিবাসন আইনসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সমন্বয়ে নজরদারি চালানো হবে।
মালয়েশিয়া সাম্প্রতিক সময়ে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তি ও তথ্যনিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। গত ২১ অক্টোবর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সরকারি কর্মকর্তাদের জন্য গুগলের মালিকানাধীন নেভিগেশন অ্যাপ ওয়েজ ব্যবহারে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন।
সরকারি তথ্য ও ব্যবহারকারীদের ব্যক্তিগত উপাত্ত ইসরাইলি কর্তৃপক্ষের অপব্যবহারের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের বিকল্প হিসেবে দেশীয় নেভিগেশন অ্যাপ তুজু ব্যবহারের পরামর্শও দেন তিনি।
মালয়েশিয়ার এসব পদক্ষেপ ইসরাইলের প্রতি দেশটির দীর্ঘদিনের কঠোর অবস্থানের পাশাপাশি নিরাপত্তা ও প্রযুক্তিগত ক্ষেত্রেও সতর্কতা বাড়ানোর প্রবণতা স্পষ্ট করেছে। মালয়েশিয়া ও ইসরাইলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে দীর্ঘদিন ধরে সরব দেশটি। গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে কুয়ালালামপুরের ইসরায়েলবিরোধী অবস্থান আরো জোরালো হয়েছে।
সূত্র: বারনামা ও রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন