প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম রেঞ্জে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ইয়াবার প্রবেশপথে এসে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। তিনি মাদক কারবারিদের মধ্যে ভয় ধরিয়ে দেন। তার নেতৃত্বে রেঞ্জের এগারো জেলার প্রতিটি থানায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়। প্রতিদিনই বিপুল সংখ্যক মাদক কারবারিকে গ্রেফতার করা হচ্ছিল এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হচ্ছিল। কিশোর গ্যাঙের বিরুদ্ধে চলছিল সাঁড়াশি অভিযান।
পুলিশি অভিযানের কারণে চট্টগ্রাম জেলাসহ রেঞ্জের প্রতিটি জেলায় অপরাধীরা দৌড়ের উপর ছিল। এ অবস্থায় আকস্মিকভাবে বদলি করা হয় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীকে। দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মাথায় তাকে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়। অন্যদিকে ঢাকা ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত জুলাই মাসে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদ থেকে বদলি করে আবদুল কুদ্দুছ চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি অপরাধ দমনে তৎপর হয়ে ওঠেন। তার নির্দেশনায় চট্টগ্রামসহ রেঞ্জের অপরাধপ্রবণ এলাকায় পুলিশি অভিযান শুরু হয়। প্রায় প্রতিদিনই তিনি রেঞ্জের বিভিন্ন এলাকায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দিকনির্দেশনা দিতেন। রেঞ্জের কক্সবাজার জেলা দীর্ঘদিন ধরে ইয়াবার ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
মিয়ানমার থেকে ইয়াবা পাচার রোধে কক্সবাজার পুলিশ কঠোর অবস্থান নেয়। ডিআইজির নির্দেশনায় কক্সবাজারের সীমান্ত থেকে শুরু করে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় ইয়াবাবিরোধী অভিযান জোরদার করা হয়। এতে সুফলও আসে। প্রতিদিনই পুলিশি অভিযানে ইয়াবার চালান আটক হচ্ছে এবং মাদক কারবারি গ্রেফতার হচ্ছে। এর ফলে ওই এলাকায় মাদক পাচার কমে আসছিল। ফেনী, কুমিল্লা সীমান্ত দিয়ে দেশে আসে ভারতীয় ফেনসিডিল। ওই দুই জেলার সীমান্তেও অভিযান জোরদার করা হয়।
তিন পার্বত্য জেলা থেকে চট্টগ্রাম হয়ে দেশি মদ পাচার হয়। এই মাদক ঠেকাতেও পুলিশের অভিযান চলছিল। পাহাড়ে অসন্তোষ দমনেও ডিআইজির নির্দেশনায় পুলিশ সক্রিয় ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে ডিআইজি আবদুল কুদ্দুছ পুলিশকে মাঠে নামান। এতে সড়ক ডাকাতি ও দস্যুতাও কমে আসে। একসময় কিশোর গ্যাঙ কালচার নগরীতে সীমাবদ্ধ থাকলেও এখন তা গ্রামীণ জনপদেও ছড়িয়ে পড়েছে।
কিশোর অপরাধ প্রতিরোধে কিশোর গ্যাঙের বিরুদ্ধে অভিযানে জোর দেন ডিআইজি আবদুল কুদ্দুছ। তিনি কিশোর গ্যাঙের বিরুদ্ধে বিভিন্ন জেলায় সচেতনতামূলক সভা করেন। সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় দেখা গেলে আটক করারও হুঁশিয়ারি দেন। এ ব্যাপারে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। ডিআইজির নির্দেশনায় থানা-পুলিশও কিশোর অপরাধ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সচেতনতামূলক সভা করে।
রেঞ্জ পুলিশের কর্মকর্তারা জানান, বিগত চার মাসে অপরাধ দমনে ডিআইজির নেতৃত্বে পুলিশ বাহিনী অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো ভূমিকা রেখেছে। পুলিশের এই অ্যাকশনের ফলে অপরাধীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। এর কৃতিত্ব অবশ্যই ডিআইজি আবদুল কুদ্দুছের। মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রত্যাশা, এ ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।
মাত্র চার মাসের মাথায় বদলির বিষয়ে ডিআইজি আবদুল কুদ্দুছ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, "এটা সরকারের সিদ্ধান্ত। এ ব্যাপারে কোনো মন্তব্য করার সুযোগ নেই। একজন পুলিশ কর্মকর্তা হিসাবে যেখানেই দায়িত্ব পাব সেখানেই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবো।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন