প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার দাকোপ উপজেলায় ১০ দিন বয়সী এক নবজাতক কন্যাশিশুর অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে উদ্ধার করেছে। এই ঘটনায় শিশুটির আপন চাচাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহারের সূত্রে জানা গেছে, উপজেলার নলিয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল সানার ১০ দিন বয়সী মেয়ে মাবিয়াকে গত ৩০ জুন রাত ৯টার দিকে অপহরণ করা হয়। অভিযোগ রয়েছে, বাজুয়া খ্রিস্টানপাড়া এলাকার রাজা মিয়ার মেয়ে তানিয়া বেগম (৩০) অজ্ঞাত আরো দুই-তিনজনের সহযোগিতায় শিশুটিকে অপহরণ করেন। ঘটনাকালে শিশুটির মা ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে অপহরণকারীরা নবজাতককে নিয়ে পালিয়ে যান।
ঘটনার পর শিশুটির পরিবার দাকোপ থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাজুয়া এলাকায় তানিয়া বেগমকে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
তানিয়া বেগমের দেওয়া তথ্য অনুযায়ী, অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির আপন চাচা এস এম গোলাম রব্বানীকেও গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির বাবা রফিকুল সানা বাদী হয়ে তানিয়া বেগমসহ অজ্ঞাত আরো দুই থেকে তিনজনের বিরুদ্ধে দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণের মামলা করেন।
মামলার এজাহারে দেখা যায়, তানিয়া বেগম স্থানীয় এক পরিবারের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে এলাকায় নিয়মিত যাতায়াত করতেন। সেই সুযোগে তিনি নবজাতক শিশুটিকে অর্থের বিনিময়ে নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু শিশুটির বাবা-মা রাজি না হওয়ায় পরে অপহরণের পরিকল্পনা করা হয়।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাশার জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযানে বের হয়।
২৪ ঘণ্টার মধ্যে নবজাতককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া বেগম শিশুটির চাচা গোলাম রব্বানীর সহযোগিতার কথা স্বীকার করেছেন। দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন