প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছোট জাতের কুকুরের তুলনায় বড় জাতের কুকুরের আয়ু সাধারণত কম হয়ে থাকে। তারা দ্রুত বৃদ্ধির দিকে এগিয়ে যায়, বয়সজনিত রোগে বেশি আক্রান্ত হয় এবং তুলনামূলকভাবে কম বয়সে মারা যায়। এতদিন ধরে পরিচিত এই প্রবণতার পেছনের কারণ খুঁজে বের করেছেন বিজ্ঞানীরা। একটি নতুন গবেষণায় দেখা গেছে, বড় কুকুরের দ্রুত বুড়িয়ে যাওয়ার পেছনে ডিএনএর বিশেষ পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ৮৯৪টি কুকুরের ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার তথ্য সংগ্রহ করা হয়েছে ডগ এজিং প্রজেক্ট থেকে।
গবেষণায় দেখা গেছে, বয়স বাড়ার সাথে সাথে কুকুরের ডিএনএ মিথাইলেশন কমতে থাকে। বিশেষ করে, লাইন-১ (LINE1) নামক একটি ধরনের জাম্পিং জিনের ওপর নিয়ন্ত্রণের মাত্রা দুর্বল হয়ে পড়ে। এই জিনগুলো ডিএনএর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে অথবা নিজেদের অনুলিপি তৈরি করতে সক্ষম। এর ফলে ডিএনএর ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পায়।
গবেষকদের মতে, বড় কুকুরের ক্ষেত্রে এই জিনগুলোর নিয়ন্ত্রণ দ্রুত হ্রাস পায়। কুকুরের জিনোমে লাইন-১ সংশ্লিষ্ট ৪০ শতাংশের বেশি অঞ্চলে বয়স বৃদ্ধির সাথে সাথে মিথাইলেশন হ্রাস পেয়েছে। তবে বড় কুকুরের ক্ষেত্রে এই হ্রাসের হার ছোট কুকুরের তুলনায় বছরে প্রায় ৩৫ শতাংশ বেশি দেখা গেছে।
গবেষণার জ্যেষ্ঠ লেখক ও বিবর্তনীয় জীববিজ্ঞানী নোয়াহ স্নাইডার-ম্যাকলার মন্তব্য করেন, "একই প্রজাতির মধ্যে আয়ুর এত পার্থক্য থাকায় বার্ধক্য বোঝার জন্য কুকুর একটি গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র।"
গবেষণার সহলেখক ব্লেইস মেরিনারের মতে, জাম্পিং জিনের ওপর নিয়ন্ত্রণের হ্রাস বড় কুকুরের দ্রুত বুড়িয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, যেসব কুকুরের এপিজেনেটিক বয়স প্রত্যাশার চেয়ে বেশি, তাদের মৃত্যুর ঝুঁকিও বেশি। বড় আকারের ও পুরুষ কুকুরের মধ্যে দ্রুত বার্ধক্যের আণবিক লক্ষণ তুলনামূলকভাবে বেশি পরিলক্ষিত হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে তাদের ধারণা, জাম্পিং জিনের কার্যক্রম নিয়ন্ত্রণের কৌশল উদ্ভাবন করা গেলে কুকুরের পাশাপাশি মানুষের সুস্থভাবে বেঁচে থাকার সময়ও বাড়ানোর সম্ভাবনা সৃষ্টি হতে পারে।
গবেষণাটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত হয়েছে। সূত্র: ইয়াহু
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন