প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা যাচ্ছে ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়া। নতুন গান নিয়ে তারা হাজির হয়েছেন, যা ‘আশিক বানায়া আপনে’ গানের জনপ্রিয়তার স্মৃতি উসকে দিচ্ছে। ইমরান হাশমি অভিনীত আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে নস্টালজিয়ার আলোচনা শুরু হয়েছে।
‘আশিক বানায়া আপনে’র সুর এবং ইমরান হাশমির পর্দায় উপস্থিতি একসময় তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন গানটিতে সেই পুরনো আবহের ছোঁয়া থাকায় দর্শকদের মধ্যে ফিরে এসেছে দুই দশক আগের স্মৃতি।
হিমেশ রেশমিয়ার লেখা ও সুরে তৈরি ‘আফসানা বানায়া আপনে’ গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা অসীস কৌর। গানটির মিউজিক ভিডিওতে ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ।
গানটি নিয়ে ইমরান হাশমি মন্তব্য করেছেন যে, পুরনো সৃষ্টিকে হুবহু নকল করার কোনো চেষ্টা করা হয়নি। তার ভাষায়, গানটির সঙ্গে গভীর নস্টালজিয়া জড়িয়ে থাকলেও ‘আফসানা বানায়া আপনে’র নিজস্ব আবেগ রয়েছে, যা ‘গানমাস্টার জি৯’ সিনেমার পটভূমির সঙ্গে ভালোভাবে মিশে গেছে।
হিমেশ রেশমিয়াও জানিয়েছেন, সিনেমাটির অ্যালবাম তৈরিতে তারা প্রায় ৮-৯ মাস পরিশ্রম করেছেন। গল্পের আবহ বজায় রেখে নতুন প্রজন্মের শ্রোতাদের ভালো লাগার মতো সুর তৈরি করাই ছিল বড় চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন।
দীপক মুকুট, হুনার মুকুট ও সঙ্গীতা আহির প্রযোজিত ‘গানমাস্টার জি৯’ পরিচালনা করেছেন আদিত্য দত্ত। এই অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটিতে ইমরান হাশমি ও জেনেলিয়া দেশমুখ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অপারশক্তি খুরানা ও অভিষেক সিং।
‘গানমাস্টার জি৯’ আগামী ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন