প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : আফ্রিকার দেশ গিনি আগামী তিন বছরের জন্য ৪২৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি অর্থনৈতিক ও আর্থিক কর্মসূচি অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সোমবার এই কর্মসূচির অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আগে গত ১২ আগস্ট আইএমএফ ঘোষণা করেছিল, গিনির সরকারের সঙ্গে ৪৩৯ মিলিয়ন ডলারের একটি আর্থিক সহায়তা প্যাকেজ নিয়ে সমঝোতা হয়েছে। এই সহায়তা পরিকল্পনা করা হয়েছিল দেশটির ‘রাজস্ব ও মুদ্রানীতির অবস্থান আরও শক্তিশালী করার’ লক্ষ্যে।
তবে সোমবার অনুমোদিত চুক্তিতে অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৪২৫ মিলিয়ন ডলার, যা আগের সমঝোতার চেয়ে ১৪ মিলিয়ন ডলার কম। এই কর্মসূচি আইএমএফের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) আওতায় অর্থায়ন করা হবে।
গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ দীর্ঘ ও কঠিন আলোচনা শেষে চুক্তি অনুমোদিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আলোচনাকে ‘কঠিন’ বলে উল্লেখ করেন এবং বলেন, এই চুক্তি গিনির অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দেবে।
তিনি বলেন, ‘যেকোনো দেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে দেশ বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হতে এবং অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে চায়।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শুধু অতিরিক্ত অর্থায়ন পাওয়ার জন্যই নয়, বরং অর্থনীতি আরও দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি জ্ঞান, বিশেষজ্ঞদের পরামর্শ ও বিভিন্ন উপকরণ পেতেও আমাদের আইএমএফের তদারকি প্রয়োজন। এসব সহায়তা অর্থনীতিকে আরও ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবে।’
বর্তমানে গিনি বিপুল পরিমাণ লৌহ আকরিকের মজুতসমৃদ্ধ সিমান্দু খনি প্রকল্পের উন্নয়ন এবং ‘সিমান্দু ২০৪০’ কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার চেষ্টা করছে।
আইএমএফের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে দেশের অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো, বাজেট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার প্রত্যাশা করা হচ্ছে।
তবে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, এই কর্মসূচি বাস্তবায়ন গিনির প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আগামী বছরগুলোতে এই কর্মসূচির লক্ষ্য অর্জনে সরকারি ব্যবস্থাপনা ও প্রশাসনিক সক্ষমতা আরও বাড়াতে হবে।
বক্সাইট ও লৌহ আকরিকসহ বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ গিনি। তবে এসব প্রাকৃতিক সম্পদকে দেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পুরোপুরি কাজে লাগাতে দেশটি দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন