প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের কাউখালীতে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন, কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ১০টা ১৫ মিনিটে আমরাজুরি ইউনিয়ন পরিষদ এবং ১০টা ৪০ মিনিটে আমরাজুরি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক।
পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ শেষে উপজেলা সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, স্থানীয় উন্নয়ন, জনসেবা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক সরকারি সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও পারস্পরিক সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান শাওন, কাউখালী থানার তদন্ত কর্মকর্তা এবাদ আলী এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে তা সমাধানের যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।
এ সময় মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জেলা প্রশাসক বলেন, মাদকের বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সন্ধ্যার পরে কোনো শিক্ষার্থীকে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন এবং ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
এরপর দুপুর ১২টায় বিআরডিবি কর্মকর্তা মাসুম মিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইরেসপো প্রকল্পের কিশোরী সংঘের অভিভাবক সমাবেশ’-এ অংশ নেন জেলা প্রশাসক। এ সময় কিশোরীদের শিক্ষা, নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
দিনব্যাপী এই সফরের শেষ পর্যায়ে বিকেল ২টায় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের মান কঠোরভাবে বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন