প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ফেনী আগমনের শতবর্ষ পূর্তি এবং সরকার কর্তৃক ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে দিনব্যাপী নজরুল মেলা আয়োজন করা হয়েছে। শনিবার ফেনী সাহিত্য সভার আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
এর আগে, সকাল ১০টায় শহরের মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ারে নজরুল ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিনটির উদ্বোধন করা হয়। পরে, ১১টায় নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে মেলার কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা।
ফেনী সাহিত্য সভার আহবায়ক কবি শাবিহ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত এবং নজরুল গবেষক অধ্যাপক গাউছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন, ‘কাজী নজরুল সর্বগুণে গুণান্বিত একজন ব্যক্তি। তার সকল ক্ষেত্রে অবদান রয়েছে। যেখানে অন্যায় ও নির্যাতন হতো সেখানে তিনি বিদ্রোহী হয়ে হাজির হতেন। নজরুল ছিলেন আমাদের অনুপ্রেরণা। নজরুলের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই করি। তিনি আমাদের ধর্মে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি শিখিয়েছেন সকল ধর্ম ঐক্যবদ্ধ থেকে কিভাবে যার যার ধর্ম পালন করা যায়।’
মজনু আরো বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিবাদ আমাদের কিভাবে গ্রাস করেছে, কিভাবে জুলুম-নির্যাতন করেছে তা আমরা দেখেছি। আমার মনে হয়, যদি নজরুল বেঁচে থাকতেন তাহলে তার লেখনির মাধ্যমে আরো আগে ফ্যাসিবাদের পতন হয়ে যেতো। নজরুলের লেখনি আমাদের সবসময়ে অনুপ্রেরণা যুগিয়েছে।’
ফাতিমা সুলতানা বলেন, ‘আমরা যে নারী জাগরণের কথা এখন চিন্তা করি, সেটা কাজী নজরুল আরো একশ’ বছর আগে চিন্তা করে গেছেন। নজরুল আমাদের গর্ব। ব্রিটিশ বিরোধী আন্দোলনে নজরুলদের মাধ্যমে এগিয়েছি। নজরুলদের অনুপ্রেরণার ফল ৭১ ও ২৪। নজরুলের যে কাজ, সেটা যেন আমাদের মধ্যে প্রতিফলিত হয়।’
তিনি বলেন, ‘এ জেলায় জন্ম নিয়েছে অনেক জ্ঞানী-গুণী ব্যক্তি। এখানে কবি ও লেখক অনেক। এ জন্য ফেনীতে নজরুল প্রাসঙ্গিক। এখানে নজরুল নিয়ে আলোচনা হয়।’
আয়োজনে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নজরুলের ছবি প্রদর্শন, নজরুল বিষয়ক স্মারক বক্তব্য, নজরুল সম্মাননা, নিবেদিত স্বরচিত কবিতা পাঠ, নাচ, গান ও আবৃত্তি।
এসময় নজরুল গবেষক আবু হেনা আব্দুল আউয়াল ও গাউছুর রহমান কে সম্মাননা প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন