প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের সাফল্য ও অবদানকে স্বীকৃতি দিতে আবারও পর্দা উঠছে ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডসের। দেশ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এবং গ্লোব লার্নিং পাথওয়ের প্রেজেন্টেশনে আগামী ২৫ অক্টোবর বার্মিংহামের ঐতিহ্যবাহী বিংলি হলে অনুষ্ঠিত হবে চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬।
বর্ণাঢ্য এ আয়োজনে ব্যবসা, পেশা, উদ্যোক্তা ও কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৩টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানটি যুক্তরাজ্য ছাড়াও ইউরোপ, মধ্যপ্রাচ্য, বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের সফল ব্যবসায়ী ও পেশাজীবীদের অংশগ্রহণের প্রত্যাশা করছে।
অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আগে শনিবার (৮ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন দেশ ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার ও চেয়ারম্যান ড. মিসবাউর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৫ সালে প্রথম এই আয়োজনের যাত্রা শুরু হয়।
সে সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যে হালাল মাংস বিক্রির বৈধতা নিয়ে যে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, দেশ ফাউন্ডেশনের আয়োজন থেকে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে ব্রিটিশ সরকার হালাল মাংস বিক্রির বৈধতা নিশ্চিত করার ঘোষণা দেয়। মুসলিম সম্প্রদায়ের জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে এ বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল, ভাইস চেয়ারম্যান আহসান হাবিব সাবরু, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, মিডিয়া কো-অর্ডিনেটর বদরুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আলেয়া খান।
অনুষ্ঠানের শুরুতে দেশ ফাউন্ডেশন ইউকের কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন ফারহানা মৌ।
বক্তারা বলেন, ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের সাফল্য এবং সমাজ ও কমিউনিটিতে তাদের অবদান স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ব্রিটিশ বাংলাদেশিদের অর্জনকে বৃহত্তর পরিসরে তুলে ধরা নয়, বরং নতুন প্রজন্মকে ব্যবসা, উদ্যোক্তা ও পেশাগত ক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতেও এই অ্যাওয়ার্ডস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকেরা জানান, এবারের অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ব্যবসায়ী, উদ্যোক্তা, পেশাজীবী, কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেবেন।
আয়োজকদের প্রত্যাশা, চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬ শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, বরং ব্রিটিশ বাংলাদেশিদের অর্জন, সাফল্য, সম্ভাবনা ও আগামী প্রজন্মের স্বপ্নকে এক মঞ্চে তুলে ধরার একটি অনন্য আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন