প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপানের কাগোশিমা প্রদেশের ইয়াকুশিমা শহরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর ভূমিধসের সম্ভাবনা নিয়ে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছে দেশের আবহাওয়া কর্তৃপক্ষ। শনিবার, জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এই সতর্কতা প্রকাশ করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই অঞ্চলে সাম্প্রতিক বৃষ্টিপাতকে ‘অভূতপূর্ব’ হিসেবে চিহ্নিত করেছে জেএমএ। সংস্থাটির সতর্কবার্তা অনুযায়ী, ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকা গুলোর মধ্যে ইতোমধ্যে দুর্যোগ সংঘটিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়ে উঠেছে।
জেএমএ এক বিবৃতিতে জানিয়েছে, মানুষের জীবন বর্তমানে তাৎক্ষণিক ঝুঁকির মধ্যে রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায়, স্থানীয় বাসিন্দাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদি কোনো নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথ ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাহলে খাড়া পাহাড় ও নদী-নালা থেকে দূরে থাকা কোনো ভবনে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে।
জেএমএ সতর্ক করে বলেছে, আরও বিশেষ সতর্কতা জারি হওয়ার আগে নিরাপদে সরে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময় নাও পাওয়া যেতে পারে। তাই নিজের এবং পরিবারের সদস্যদের জীবন রক্ষায় কোনো ধরনের অপেক্ষা না করে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও, জনসাধারণকে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। এর আগে, নেপাল ও চীনে হিমবাহ ও ভূমিধসের কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে এবং এখনও সাড়ে ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন