প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৮৮৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেন, সরকার এই ঘটনার শিকার ব্যক্তিদের এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায়বিচার প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রোকেয়া বেগমের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
আইনমন্ত্রী আরও জানান, উল্লিখিত মামলাগুলোর মধ্যে ৮০৫টি হত্যা মামলা এবং ১ হাজার ৭৮টি অন্যান্য ধারায় দায়ের করা হয়েছে। ২৯৩টি মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, যার মধ্যে ৯৮টি হত্যা মামলা এবং ১১৫টি অন্যান্য মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া, ঘটনাস্থল-সংক্রান্ত কারণে সঠিক থানায় মামলা দায়ের না হওয়া এবং একই ঘটনায় একাধিক বাদীর একাধিক মামলা দায়েরের কারণে ৯১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন প্রদান করা হয়েছে। বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত এখনও চলছে, মন্ত্রী জানান।
আইনমন্ত্রী বলেন, সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য প্রতিটি মামলার তদন্তে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনগত প্রক্রিয়া অনুসরণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৭৯টি মামলা দায়ের করা হয়েছে। দায়ের করা মামলাগুলোর মধ্যে বর্তমানে ২৬টি বিচারাধীন এবং ৪৫টি তদন্তাধীন রয়েছে।
আইনমন্ত্রী আরও জানান, ট্রাইব্যুনালের আটটি মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণার মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। এসব রায়ে মোট ৭৩ জন আসামিকে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৪৯ জনকে আমৃত্যু কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন