প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিথেন নিঃসরণ সংক্রান্ত আইন কার্যকরের সময় ২০২৯ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
আইনটি ২০২৭ সালে কার্যকর হওয়ার কথা ছিল, যার আওতায় হাইড্রোকার্বন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে তাদের সরবরাহ করা জ্বালানির সঙ্গে সংশ্লিষ্ট মিথেন নিঃসরণের পরিমাণ পর্যবেক্ষণ ও প্রতিবেদন জমা দিতে হতো।
বার্তা সংস্থা এএফপি ব্রাসেলস থেকে এ খবরটি জানায়।
জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম অবদানকারী গ্রিনহাউস গ্যাস হিসেবে মিথেনের অবস্থান রয়েছে, যা কার্বন ডাই-অক্সাইড (সিও২)-এর পর।
প্রস্তাবিত আইনটির বিরুদ্ধে শিল্প খাতের বড় প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে তীব্র বিরোধিতা করে আসছিল। যুক্তরাষ্ট্রও এই আইনটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এদিকে, ইরান যুদ্ধের পর জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় আইনটি কার্যকরের সময় নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়।
চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ইইউ হিমশিম খাচ্ছে। এই প্রেক্ষাপটে ব্রাসেলস ক্রমাগত ব্যবসাবান্ধব নীতি গ্রহণের দিকে ঝুঁকছে।
গত সেপ্টেম্বরে ইইউ’র নির্বাহী বিভাগ আইনটি কার্যকরের সময় পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেয়।
ইইউ’র নির্বাহী বিভাগ, পার্লামেন্ট ও সদস্য দেশগুলোর মধ্যে গভীর রাত পর্যন্ত আলোচনার পর ২০২৯ সাল পর্যন্ত আইনটি কার্যকর করা পিছিয়ে দেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়।
বর্তমানে ইইউর ছয় মাস মেয়াদি সভাপতির দায়িত্ব পালনরত আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী ডারাগ ও’ব্রায়েন বলেন, ‘আজ রাতে আমরা মিথেন নিয়ন্ত্রণবিধি নিয়ে একটি বাস্তবসম্মত সমঝোতায় পৌঁছেছি। এর মাধ্যমে মিথেন নিঃসরণ কমাতে ইইউ’র নেতৃত্বের অবস্থান বজায় রাখার পাশাপাশি জ্বালানি বাজারের চাপও মোকাবিলা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই সাময়িক সমঝোতা ক্ষতিকর মিথেন নিঃসরণ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইইউর অঙ্গীকারের প্রতিফলন।’
ইইউ কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, আইন কার্যকরের সময় পিছিয়ে দেওয়ার ফলে বিশ্ববাজারের অস্থিরতার মধ্যে নির্ভরযোগ্য ও নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সদস্য দেশগুলো প্রয়োজনীয় নমনীয়তা পাবে।
একই সঙ্গে জলবায়ু লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে মিথেন নিঃসরণ কমানোর অঙ্গীকারও বজায় থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন