প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
৪৭ বছরের দীর্ঘ যাত্রা, এক বুক স্বপ্ন এবং ঠাকুরগাঁওয়ের প্রতি আজীবন দায়বদ্ধতার কথা স্মরণ করে উপনির্বাচনের প্রচারের শেষ দিনে আবেগঘন বার্তা প্রদান করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন, যিনি ঠাকুরগাঁও-১ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সামাজিক মাধ্যমে প্রকাশিত তার এই স্মৃতিচারণামূলক লেখাটি স্থানীয় ভোটার ও কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি রাজনীতিকে কেবল ক্ষমতা দখলের মাধ্যম হিসেবে নয়, বরং ত্যাগ ও জনসেবার ব্রত হিসেবে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরেছেন।
প্রচারণার শেষ দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) ফেসবুকে প্রকাশিত আবেগঘন পোস্টে মির্জা ফয়সল আমিন উল্লেখ করেছেন, ‘আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচার শেষ হলো। কিন্তু ঠাকুরগাঁওকে ঘিরে আমার স্বপ্নের পথচলা তো আজকের নয়। এই পথচলা শুরু হয়েছিল ১৯৭৯ সালে, আমার শ্রদ্ধেয় বাবা মরহুম মির্জা রুহুল আমিনের হাত ধরে।’
বাবার হাত ধরে শুরু হওয়া রাজনৈতিক ও সামাজিক যাত্রার স্মৃতি তুলে ধরে তিনি জানান, প্রায় চার দশক ধরে এই জনপদের মাটি, মানুষ এবং মানুষের স্বপ্নই তার জীবনের মূল উপজীব্য হয়ে দাঁড়িয়েছে।
তাদের পরিবার সবসময় একটি উন্নত ও আধুনিক ঠাকুরগাঁওয়ের স্বপ্ন দেখেছে। বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘ সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার পাশে থেকে একজন নীরব সঙ্গী হিসেবে মির্জা ফয়সল আমিনও বছরের পর বছর এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না ও আশা-আকাঙ্ক্ষা কাছ থেকে দেখেছেন।
ছাত্রদল ও যুবদল থেকে শুরু করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে সভাপতির দায়িত্ব পালনের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে মির্জা ফয়সল আমিন বলেন, তার রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায়ে সাধারণ মানুষের কল্যাণে কিছু করার তাগিদই সবচেয়ে বেশি কাজ করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগমুহূর্তে তার এই স্মৃতিচারণামূলক ও শেকড়মুখী বার্তা ভোটারদের আবেগকে স্পর্শ করতে পারে। এখন দেখা যাক, ভোটের ব্যালটে সেই ভালোবাসার প্রতিফলন ঘটে কি না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই এবং জেলা বিএনপির শীর্ষ নেতা মির্জা ফয়সল আমিন। প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন