প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলের লোহাগড়ায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে ফরহাদ মোল্যা (৫৪) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচরে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক ফরহাদ মোল্যা ওই গ্রামের মৃত গফুর মোল্যার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছায়মানারচরের একটি ধানের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার বায়েজিদ মোল্যা ও দাউদ মোল্যার মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার, বায়েজিদ মোল্যার পক্ষ থেকে জমির ধান কাটতে কয়েকজন শ্রমিক যান। এ সময় দাউদ মোল্যা তাদের ধান কাটতে হুমকি দেন। একপর্যায়ে, লোকজন নিয়ে এসে শ্রমিকদের ওপর হামলা চালান দাউদ মোল্যা।
অন্য শ্রমিকরা পালিয়ে যেতে সক্ষম হলেও ফরহাদ মোল্যা পিছনে পড়ে যান। তখন তিনি মারধরের শিকার হয়ে আহত হন। পরে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রতিপক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বলে জানা গেছে। নিহতের স্বজন ও এলাকাবাসী ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ জমিতে ধান কাটার সময় দাউদ মোল্যা পক্ষীয় লোকজনের হামলায় বায়েজিদ মোল্যার ধান কাটা শ্রমিক ফরহাদ মোল্যা নিহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশের এই কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন