প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বজুড়ে সাঁড়াশি অভিযানের মুখে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের পর ফ্রান্সও এই অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
কানাডায় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফের বাইরে গুলিবর্ষণের ঘটনার সূত্র ধরে ফ্রান্সে বিষ্ণোই গ্যাংয়ের এক শীর্ষ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও, কানাডিয়ান পুলিশ এই ঘটনার সাথে জড়িত আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশে বিষ্ণোই গ্যাংয়ের অন্য এক সদস্যকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে কানাডা।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, গত শুক্রবার ফ্রান্স থেকে গরিন্দর দেব নামের এক গ্যাংস্টারকে গ্রেফতার করা হয়েছে। গরিন্দরকে প্রত্যর্পণের প্রক্রিয়ার মাধ্যমে কানাডায় নিয়ে আসা হবে। মার্কিন বিচার বিভাগের অভিযোগপত্র অনুযায়ী, ৪০ বছর বয়সি গরিন্দর দেব ‘ডক্টর’, ‘রকেট’ এবং ‘রিটজ কার্লটন’ নামেও পরিচিত।
অভিযোগ রয়েছে যে, গরিন্দর লরেন্স বিষ্ণোইয়ের অপরাধমূলক নেটওয়ার্ককে বড় অঙ্কের আর্থিক সহায়তা দিতেন। তার বিরুদ্ধে রয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বিপুল পরিমাণ কোকেন ও হেরোইন পাচারের ষড়যন্ত্র এবং সরবরাহে সাহায্য করার অভিযোগ।
২০২৫ সালের জুনে প্রায় ৯৯.২ কেজি কোকেন এবং ১ কেজি হেরোইনের একটি চালান পাঠানোর চেষ্টায় তার নাম জড়ায়, যা মার্কিন সংস্থাগুলো জব্দ করেছিল।
অন্য একটি মামলায়, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য জশানদীপ সিংকে কানাডার ‘ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি ট্রাইব্যুনাল’ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। কানাডার সারে এলাকায় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফের বাইরে গুলিবর্ষণের ঘটনায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা লুকিয়ে রাখতে সাহায্য করার অভিযোগ রয়েছে জশানদীপের বিরুদ্ধে। যদিও এখনও পর্যন্ত তার বিরুদ্ধে আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি।
জশানদীপ ২০২২ সালে স্টুডেন্ট ভিসায় কানাডায় এসেছিলেন। তিনি নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে আর্শদীপ সিং নামের বিষ্ণোই গ্যাংয়ের আরেক সদস্যকেও কানাডা থেকে বহিষ্কার করা হয়েছিল।
বিশ্বজুড়ে সাঁড়াশি অভিযানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং কানাডায় পর পর এই অ্যাকশন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিদেশি নেটওয়ার্ক ধ্বংসের একটি বড় আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ। চলতি সপ্তাহের শুরুর দিকে ভারত-ভিত্তিক এই আন্তর্জাতিক সংগঠিত অপরাধ চক্রকে লক্ষ্য করে চালানো এক যৌথ অভিযানে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপজুড়ে ২৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর খুন, মাদক পাচার, চাঁদাবাজি ও আন্তঃসীমান্ত সহিংসতার অভিযোগে অভিযুক্ত এই সিন্ডিকেটের বিরুদ্ধে এটিকে অন্যতম বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন