প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দোকানে পণ্য কেনার পর দাম মেটানোর পর ক্রেতার কাছে বাকি টাকা ফেরত পাওয়ার প্রত্যাশা থাকে। কিন্তু খুচরা কয়েনের অভাবের অজুহাতে ক্রেতাদের হাতে চকলেট তুলে দেওয়া হচ্ছে। ফার্মেসিতে ওষুধ কেনার সময় ভাংতি না পাওয়ার কারণে বাধ্য হয়ে ভিটামিন-সি ট্যাবলেট ‘সিভিট’ নিতে হচ্ছে।
এছাড়া, সব জায়গায় চকলেট বা সিভিটও পাওয়া যায় না, ফলে সাধারণ ক্রেতাদের পাওনা টাকা না পেয়ে খালি হাতে দোকান ছাড়তে হচ্ছে। এই ছোট অংকের লেনদেনে ক্রমাগত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। এর ফলে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বৈরিতা তৈরি হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক দাবি করছে, দেশে এক ও পাঁচ টাকার কয়েনের কোনো ঘাটতি নেই; বাণিজ্যিক ব্যাংকগুলোতে পর্যাপ্ত মজুত রয়েছে। মূল সমস্যা হলো সুষম বণ্টনের অভাব, ব্যাংকের শাখাগুলোর সরবরাহে অনীহা এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে কয়েন নেওয়ার অনীহা। তবে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তার মতে, দুই টাকার কয়েনের কিছুটা সংকট রয়েছে।
রাজধানীর একাধিক ব্যাংকে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, ভল্টে পর্যাপ্ত কয়েন মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তা দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও সরাসরি জানানো হচ্ছে কয়েন নেই।
সম্প্রতি গ্রাহক সেজে ডাচ-বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় গেলে ব্যাংক কর্মকর্তারা জানান, তাদের কাছে কোনো কয়েন নেই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ওই শাখায় এক টাকার ৮০০টি, দুই টাকার ১৩ হাজার এবং পাঁচ টাকার ৪ হাজার ৮০০ কয়েন মজুত রয়েছে। কিন্তু কয়েন গোনার ঝামেলার কারণে সংশ্লিষ্টরা তা এড়িয়ে যাচ্ছেন।
ডাচ-বাংলা ব্যাংকের মুখপাত্র নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। পরে প্রধান কার্যালয়ে তার দপ্তরে গেলে তিনি এ বিষয়ে কোনো কথা না বলে অন্য কোনো শাখায় যোগাযোগের পরামর্শ দেন।
মতিঝিলের সোনালী ও রূপালী ব্যাংকের করপোরেট শাখায় একই চিত্র দেখা যায়। সোনালী ব্যাংকের লোকাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইয়েদা মনোয়ারা খাতুন বলেন, "আমাদের কাছে এখন কোনো কয়েন নেই, কোথা থেকে দেব? বাংলাদেশ ব্যাংক যখন আমাদের দেয়, তখন আমরা গ্রাহকদের দিই।"
এদিকে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দেশে এক ও পাঁচ টাকার পর্যাপ্ত কয়েন ও নোট রয়েছে, কেবল দুই টাকার কিছু ঘাটতি আছে। তিনি বলেন, "গ্রাহক বা দোকানদারদের মধ্যেও কয়েন নেওয়ার প্রবণতা কমে গেছে। ফলে কয়েনগুলো বাজারে স্বাভাবিকভাবে ঘুরছে না।"
রাজধানীর মুদি দোকান, ফার্মেসি ও চায়ের দোকানে এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি। মতিঝিলের চা বিক্রেতা নুরু মিয়া বলেন, "আমাদের কাছে পর্যাপ্ত ভাংতি থাকে না। ক্রেতারা বড় নোট দিলে বাকি টাকা ফেরত দেওয়ার মতো কয়েন পাওয়া যায় না। ব্যাংক থেকেও প্রয়োজনমতো খুচরা টাকা সংগ্রহ করা কঠিন।"
তার দাবি, অনেক সময় পণ্যের দাম এমনভাবে নির্ধারণ করা হয়, যাতে খুচরা ফেরত দেওয়ার প্রয়োজন পড়ে, আর ভাংতি না থাকায় বাধ্য হয়ে চকলেট ধরিয়ে দিতে হয়।
মানিকনগরের এক ফার্মেসির দোকানি তারেক বলেন, "কাস্টমারকে দুই বা পাঁচ টাকা ফেরত দেওয়ার মতো কয়েন বা খুচরা নোট থাকে না। বাধ্য হয়ে সিভিট দিতে হয়। ব্যাংকেও গেলে খুচরা টাকা দিতে চায় না।"
মতিঝিলে রিকশাচালক হাবিব বলেন, "দোকানদারকে ১০ টাকা দিলে দুই টাকা ফেরত না দিয়ে চকলেট দেয়। এ বয়সে কি আমি চকলেট খাব? এ নিয়ে প্রায়ই দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়।"
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কোনো গ্রাহক ব্যাংকে এসে কয়েন চাইলে ব্যাংক তা সরবরাহ করতে বাধ্য। একইভাবে কোনো গ্রাহক কয়েন জমা দিতে চাইলে তাও গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা স্পষ্ট করে বলেন, "গ্রাহক রিকশাচালক হোন কিংবা সাধারণ মানুষ—ব্যাংকে কয়েন চাওয়া বা জমা দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের কোনো সুযোগ নেই। ব্যাংকে মজুত থাকা সত্ত্বেও গ্রাহককে তা দিতে অস্বীকার করা যাবে না।"
প্রসঙ্গত, গত ২০২৪ সালের ১৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে এক, দুই ও পাঁচ টাকার কয়েন নির্বিঘ্নে বিনিময়ের নির্দেশ দেয়। স্থানীয় ও ফিডিং শাখায় নির্দিষ্ট পরিমাণে কয়েন সংরক্ষণের কড়া নির্দেশও দেওয়া হয়েছিল।
বাংলাদেশে নিজস্ব কারখানায় কয়েন উৎপাদন হয় না বিধায় এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, এক টাকার একটি কয়েন আমদানিতে তিন থেকে চার টাকা পর্যন্ত খরচ পড়ে। ২০১০ সালের পর থেকে দেশে নতুন কোনো কয়েন আমদানি হয়নি। দীর্ঘদিন নতুন সরবরাহ না থাকায় বাজারে থাকা কয়েনের একটি অংশ মানুষের ঘরে আটকে গেছে, আবার কিছু অংশ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, "একসময় ব্যাংকগুলো কয়েন জমা রাখতে চাইত না বলে উল্টো অভিযোগ ছিল। মানুষ বস্তায় বস্তায় কয়েন নিয়ে ব্যাংকে আসত। কিন্তু এখন কেন মানুষ কয়েন নিতে চাইছে না, তা বোধগম্য নয়।"
তিনি আরও বলেন, "কোনো কয়েন সরকারিভাবে নিষিদ্ধ না হলে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর সুযোগ নেই। ব্যাংকে মজুত থাকা সত্ত্বেও গ্রাহককে না দিলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন