প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত দুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এই ত্রুটির মাধ্যমে হ্যাকাররা ইউজারনেম বা পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করতে সক্ষম হন।
এই পরিস্থিতিতে, সরকারি ও বেসরকারি সব ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজ উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)।
সংস্থাটি জানায়, ত্রুটি দুটির সিভিই আইডি হচ্ছে সিভিই-২০২৬-১০৯৬১৮ ও সিভিই-২০২৬-১০৯৬১৯। সার্বিক ঝুঁকি বিবেচনায় এর সিভিএসএস (সিভিএসএস) স্কোর ৯.২, যা সর্বোচ্চ মাত্রার বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়েছে।
সার্টের জারি করা সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, এই জটিল সমস্যাটি মূলত পিএইচপির মেমোরি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। সার্ভারের মেমোরি শেষ হয়ে গেলে কিংবা মেমোরি খালি করার পরও পুরনো রিকোয়েস্টের ডেটা থেকে যাওয়ার সুযোগ তৈরি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে হ্যাকাররা বিশেষভাবে তৈরি এইচটিটিপি রিকোয়েস্ট পাঠিয়ে সহজেই সার্ভারে ক্ষতিকর কোড এক্সিকিউট করতে পারে।
এর ফলে সর্বাধিক ঝুঁকিতে রয়েছে পিএইচপি-এফপিএম এবং অ্যাপাচির ‘মড_পিএইচপি’ ব্যবহারকারীরা। এছাড়া, পিএইচপি-সিজিআই, ফ্র্যাঙ্কেনপিএইচপি, লাইটস্পিড, ডকার কন্টেইনার এবং শেয়ার্ড হোস্টিংয়ে পরিচালিত দেশের সব সরকারি পোর্টাল, ব্যাংক, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস ও লারাভেল ভিত্তিক ওয়েবসাইটগুলোও চরম হুমকির সম্মুখীন।
সতর্কতায় বলা হয়েছে, সফল আক্রমণের ফলে পুরো সার্ভারের দখল চলে যাওয়া, ডেটা ও ফাইল চুরি, ডাটাবেসের পাসওয়ার্ড ও এপিআই কি ফাঁস এবং ওয়েবসাইট অচল হয়ে যাওয়ার মতো বড় ক্ষতি হতে পারে।
সমাধান হিসেবে সার্ট অবিলম্বে পিএইচপি হালনাগাদ করার জন্য পরামর্শ দিয়েছে। নিরাপদ সংস্করণগুলো হলো- ৮.৫.১২, ৮.৪.২৭, ৮.৩.৩৬ এবং ৮.২.৩৫। শুধু ফ্রেমওয়ার্ক নয়, সার্ভারের মূল পিএইচপি রানটাইম হালনাগাদ হয়েছে কি না তা নিশ্চিত করার জন্যও বলা হয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, যারা এখনই প্যাচ দিতে পারবেন না, তাদের জন্য সাময়িকভাবে সার্ভার ভিপিএন এর পেছনে রাখা, আইপিভিত্তিক অনুমোদন তালিকা তৈরি করা এবং লগ পর্যবেক্ষণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে হালনাগাদ করাই একমাত্র স্থায়ী সমাধান বলে জানিয়েছে সার্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন