প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর সদর ইউনিয়নের শ্যামনগর গ্রামের গারো, হাজং ও মুসলিম সম্প্রদায়ের শিশুদের শিক্ষার একমাত্র ভরসা শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩৮ বছর আগে সরকারি হওয়ার পরেও, প্রতিষ্ঠানটিতে এখনো টিনের ঘরে পাঠদান চলছে।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে প্রতিষ্ঠার ১৪ বছর পর ১৯৮৮ সালে জাতীয়করণ করা হয় শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে, ৩৮ বছর পেরিয়ে গেলেও পাকা ভবন নির্মাণ করা হয়নি। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ১৮৫ জন।
সোমবার (১৬ নভেম্বর) সরেজমিনে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা টিনের ছোট ছোট শ্রেণিকক্ষে গাদাগাদি করে বসে পাঠ নিচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এখানে সুপেয় পানির ব্যবস্থা নেই, ফলে পাশের বাড়ি থেকে পানি আনতে হয়। স্বাস্থ্যসম্মত শৌচাগারও নেই। গরমের সময় টিনের চালের তীব্র তাপে অসুস্থ হয়ে পড়ে অনেক শিক্ষার্থী, যা স্বাভাবিক পাঠদান কার্যক্রমকে ব্যাহত করছে।
স্থানীয়দের মতে, বিদ্যালয়টি জাতীয়করণের পর মামলা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে এর শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। ফলে এলাকার অনেক শিক্ষার্থী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। ২০২০ সালে বিদ্যালয়টির কার্যক্রম পুনরায় চালু হলেও, প্রয়োজনীয় অবকাঠামো ও মানসম্মত শিক্ষাব্যবস্থা এখনো গড়ে ওঠেনি।
দুলন হাজং নামের একজন বাসিন্দা জানান, শ্যামনগর অঞ্চলটি আদিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। দুর্গম এ এলাকার বাসিন্দারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা ক্ষেত্রেও তারা পিছিয়ে রয়েছেন।
সোহরাব হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, “আমাদের সন্তানেরা এখানে পড়াশোনা করে। অথচ এখানে একটি পাকা ভবন নেই। আমরা চাই সুন্দর পরিবেশে আমাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করুক।”
শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আক্তার বলেন, গরমের মৌসুমে ছোট শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়ে পাঠদান করা কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় বাধ্য হয়ে বারান্দায় ক্লাস নিতে হয়। শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবহারের জন্য একটি কাচা শৌচাগার রয়েছে।
শারমিন আক্তার আরো বলেন, খাবার পানির জন্য আশপাশের বাড়িতে যেতে হয়। প্রাথমিক শিক্ষাজীবনের ভিত্তি হলেও, প্রয়োজনীয় অবকাঠামো ও মৌলিক সুবিধার অভাবে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার পরিবেশ পাচ্ছে না।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক দীপিকা ডালবৎ জানান, বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৮৫ জন, কিন্তু টিনের তৈরি ছোট শ্রেণিকক্ষে সব শিক্ষার্থীর জায়গা সংকুলান হচ্ছে না। এতে স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
প্রধান শিক্ষক আরো বলেন, আমরা পাঠদান চালিয়ে যাচ্ছি নানা সমস্যার মধ্য দিয়ে। জরুরি ভিত্তিতে আমাদের একটি পাকা ভবন, সুপেয় পানির ব্যবস্থা ও শৌচাগার প্রয়োজন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, দীর্ঘদিনের মামলা জটিলতার কারণে বিদ্যালয়টি উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছে। তবে বিদ্যালয়ে পাকা ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহমেদ সাদাত বলেন, “বিদ্যালয়ে নিরাপদ পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর পাকা ভবনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন