প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের নলডাঙ্গায় স্থানীয় কৃষকরা চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পাওয়া, টোকেন বিতরণে অনিয়ম এবং বিতরণ ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিবাদ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নলডাঙ্গা উপজেলায় চলতি বোরো ও রবি মৌসুমে জমিতে সারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ডিলারের দোকানে সার সংগ্রহ করতে গিয়ে কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভোররাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত সার না পাওয়ায় অনেক কৃষক খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন। এর ফলে চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেছেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও সার পাওয়া যাচ্ছে না। তবে একটি অসাধু চক্র বিভিন্ন উপায়ে টোকেন সংগ্রহ করে লাইনের আগে গিয়ে সার তুলে নিচ্ছে। এর ফলে প্রকৃত কৃষকরা টোকেন হাতে নিয়েও কাঙ্ক্ষিত সার না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এমনকি জমি না থাকা সত্ত্বেও অনেকে ভ্যানভর্তি করে সার নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা।
কৃষকদের মতে, জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময়ে সার না পাওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। সময়মতো সার দিতে না পারলে ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন ও ফলন নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে।
সার বিতরণ নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে উপজেলা কৃষি অফিস ও নলডাঙ্গা থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে সার বিতরণের চেষ্টা করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কৃষকদের দাবি, সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। টোকেন বাণিজ্যের অনিয়ম বন্ধ করে জমির পরিমাণ ও প্রকৃত চাহিদা অনুযায়ী সারের সংস্থান করতে হবে। সঠিক তদারকির মাধ্যমে বিতরণ ব্যবস্থা নিয়ন্ত্রণের আহ্বান জানান তারা।
এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ আলী জানান, এলাকায় সারের কোনো সংকট নেই। কৃত্রিম সংকট যাতে তৈরি না হয় এবং ডিলাররা নিয়ম মেনে সার বিতরণ করেন, সেই বিষয়ে তদারকি জোরদার করা হয়েছে। কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় পর্যাপ্ত সার সরবরাহ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন