প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন এক সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার। বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার জাঙ্গলপোরা গ্রামে এই অভিযান পরিচালিত হয়। এর আগে ওই অঞ্চলে আধাসামরিক বাহিনীর টহল দলের ওপর হামলায় তিন সদস্য আহত হন।
পুলিশ এবং সেনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাঙ্গলপোরা গ্রামে এক সশস্ত্র কমান্ডার লুকিয়ে আছেন, এমন গোপন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী গ্রামটি ঘিরে ফেলে। দুই দিন আগে পাশের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় তিনি পালিয়ে গিয়েছিলেন। ওই সংঘর্ষে তার এক সহযোগী নিহত হন।
পুলিশ জানায়, বুধবার তল্লাশি অভিযান শুরু হলে মোহাম্মদ লতিফ ভাট নামের ওই সন্ত্রাসী একটি মসজিদে আশ্রয় নেন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। কুলগামের পুলিশ প্রধান এনায়েত আলী চৌধুরী জানান, সেনাবাহিনী ও পুলিশ ভিডিও কলের মাধ্যমে তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল। কিন্তু তিনি সেই আহ্বান প্রত্যাখ্যান করেন।
পুলিশের দাবি, গত বছর সন্ত্রাসী দলে যোগ দেওয়ার পর ভাট ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর কয়েকটি হামলার পরিকল্পনা ও সমন্বয় করেন। এর মধ্যে গত সপ্তাহে কুলগামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) টহল দলের ওপর হামলাও ছিল। ওই হামলায় তিন সদস্য আহত হন। তবে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই অভিযানের বিস্তারিত তথ্য যাচাই করতে পারেনি।
এই হামলার কয়েক দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) প্রশংসা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ৪৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো টানা ১২ মাস এই বাহিনীর কোনো সদস্য নিহত হননি। গত ৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই অর্জনকে ‘এমন এক শূন্য, যা অনেক কিছু বলে দেয়’ বলে উল্লেখ করেন।
হামলার পর কুলগামজুড়ে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। জেলার বেশ কয়েকটি গ্রাম ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বুধবারও অভিযান অব্যাহত ছিল। কর্মকর্তারা জানান, এ সময় শত শত সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অন্তত ২০ জনকে আটক করা হয়। নিরাপত্তা বাহিনীর অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, ব্যাপক তল্লাশি ও ধরপাকড়ের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, হামলার পর অবরুদ্ধ এলাকাগুলো কার্যত সামরিক ছাউনিতে পরিণত হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অজ্ঞাত সন্ত্রাসীদের কর্মকাণ্ড কিংবা নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য ব্যর্থতার দায়ে পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়া অন্যায় ও অগ্রহণযোগ্য। এ ধরনের পদক্ষেপ মানুষের মধ্যে বিচ্ছিন্নতা ও ক্ষোভ বাড়ায়।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তান, দুই দেশই কাশ্মীরের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে। তবে পুরো অঞ্চলটির মালিকানা দাবি করে উভয় দেশ। ১৯৮৯ সাল থেকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে নয়াদিল্লির শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চলছে। অনেক কাশ্মীরি মুসলিম এই আন্দোলনকে সমর্থন করেন। তাদের কেউ কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার, আবার কেউ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পক্ষে।
ভারতের অভিযোগ, কাশ্মীরের সন্ত্রাসী কর্মকাণ্ডে পাকিস্তানের মদদ রয়েছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে। অনেক কাশ্মীরি এই আন্দোলনকে স্বাধীনতার সংগ্রাম হিসেবে দেখেন। দীর্ঘদিনের এই সংঘাতে হাজার হাজার সাধারণ মানুষ, সশস্ত্র বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন