প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের জন্য ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি সংস্কার আন্দোলন ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এই অবস্থান কর্মসূচি গত ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আন্দোলনকারীরা টানা ১২ দিন ধরে সেখানে অবস্থান করছেন। প্রশাসনের সঙ্গে আলোচনা হলেও, তাদের দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
অবস্থানরত অবস্থায় শনিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন 'মঞ্চ ২৪'-এর সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ। তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে চিকিৎসা নিয়ে আবার কর্মসূচিতে যোগদান করেন।
অবস্থানরত চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, "আমাদের অনেকে অসুস্থ হয়ে গেছে তার পরও আমরা এখান থেকে যায়নি। ১২ দিন ধরে আমরা এখানে আছি তারপরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। যতদিন না প্রশাসন কোনো পদক্ষেপ নিবে ততদিন পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।"
রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, "আমরা গত ১২ দিন ধরে এখানে অবস্থান করছি। আমাদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। আমার এক সহযোদ্ধাকে মাত্র হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পরিস্থিতি যতই খারাপ হোক আমাদের দাবি থেকে আমরা নড়ব না। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। মৃত্যু হলেও দাবি আদায় না করে উঠব না।"
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন