প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটায় ঢাকা–বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কালকিনি ও ডাসার উপজেলার প্রাণকেন্দ্র ভূরঘাটায় মহাসড়কের কালকিনি অংশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালকিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজালাল হাওলাদারের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মহাসড়কে জড়ো হন। এ সময় তাঁরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনার কিছুক্ষণ পর কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। বিএনপি নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে তাঁরা মাঠে রয়েছেন। এ সময় তাঁরা জয় বাংলা লেখা কয়েকটি বৈঠাও উদ্ধার করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘বিষয়টি এখনো আমি পরিষ্কারভাবে জানতে পারিনি। এ বিষয়ে জানার চেষ্টা করছি।’
ঘটনাকে কেন্দ্র করে ভূরঘাটা এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি পরবর্তীতে স্বাভাবিক হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন