প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ নয় বছর পর আবারও ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন লেগ-স্পিনার ম্যাসন ক্রেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আগামী অক্টোবর মাসে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করেছে।
২৯ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৮ সালের জানুয়ারি মাসে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টেস্ট ম্যাচ খেলেছিলেন। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে তিনি আবার ওয়ানডে দলে ডাক পেলেন। ক্রেন, যিনি এখনো কোনো ওয়ানডে খেলেননি, এই সফরের মাধ্যমে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের সম্ভাবনা তৈরি করেছেন।
ঘরোয়া ক্রিকেটে গ্ল্যামারগনের হয়ে বল ও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন ক্রেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৩৪টি উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার ক্যারিয়ারের প্রথম দুটি শতরানও রয়েছে। এই সাফল্যের জন্য গ্ল্যামারগনের ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন তিনি। মূলত তরুণ স্পিনার রেহান আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন ম্যাসন ক্রেন।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে হ্যারি ব্রুকের দল ১৫ অক্টোবর ইসলামাবাদে উড়ে যাবে। গ্রুপ পর্বে তিনটি দল একে অপরের সাথে দুইবার খেলবে এবং পরে শীর্ষ দুই দল ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে।
ইংল্যান্ড পুরুষ জাতীয় দলের নির্বাচক মার্কাস নর্থ মন্তব্য করেন, ‘ম্যাসন ক্রেন গেল গ্রীষ্মকালে গ্ল্যামারগানের হয়ে উভয় ফরম্যাটেই ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। তিনি একজন অভিজ্ঞ লেগ-স্পিনার, যিনি আন্তর্জাতিক পর্যায়ে আরো একটি সুযোগ পাওয়ার যোগ্য।’
সাম্প্রতিক হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জস বাটলার এই সফরে যেতে পারছেন না এবং ব্যস্ত শীতকালীন মৌসুমের শুরুতে জোফ্রা আর্চারকে বিশ্রাম দেওয়া হচ্ছে। তবে চোট সারিয়ে দলে ফিরেছেন আদিল রশিদ ও স্যাম কারান, এবং দলে জায়গা পেয়েছেন জেমস কোল্সও। সবচেয়ে নজরকাড়া পরিবর্তন হলো, স্কোয়াডে ব্যাক-আপ স্পিনার হিসেবে রেহান আহমেদের জায়গায় ক্রেনের অন্তর্ভুক্তি।
ইংল্যান্ড ওডিআই স্কোয়াড : জনি বেয়ারস্টো (ইয়র্কশায়ার অধিনায়ক), অ্যাটকিনসন (সারে), বেকার (হ্যাম্পশায়ার), ব্যান্টন (সমারসেট), কোল্স (সাসেক্স), কক্স (এসেক্স), ক্রেন (গ্ল্যামারগান), ক্রোকোম্ব (সাসেক্স), এস কারান (সারে), ডসন (হ্যাম্পশায়ার), ডাকেট (নটিংহ্যামশায়ার), জ্যাকস (সারে), জে ওভারটন (সারে), রশিদ (ইয়র্কশায়ার), রুট (ইয়র্কশায়ার), টাং (নটিংহ্যামশায়ার)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন