প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভস্থ গ্যাসের কারণে আগুনের ঘটনা ঘটেছে, যা ১২ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত ঘটে, এবং তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর একটি ফায়ার টিম কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে গত তিন দিন ধরে গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চলছিল। প্রায় এক হাজার ফুট গভীর পর্যন্ত খননের একপর্যায়ে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড বেগে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে গ্যাসের সঙ্গে আগুন জ্বলে ওঠে এবং এরপর থেকে আগুন জ্বলতে থাকে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ভূগর্ভ থেকে অব্যাহতভাবে গ্যাস নির্গত হওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। পানি ছিটিয়েও আগুন নেভানো সম্ভব না হওয়ায় মঙ্গলবার দুপুর আড়াইটার পর সেনাবাহিনীর ফায়ার টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এদিকে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাইকিং করে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে বিপুলসংখ্যক মানুষের ভিড় সামলাতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ‘গ্যাস নির্গত হয়ে আগুন জ্বলে ওঠার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।’
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সেনাবাহিনীর ফায়ার টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছেন।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন