প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিছুদিন আগে কিংবদন্তি কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক আইয়ুব বাচ্চুর নামের সঙ্গে যুক্ত হয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ব্যান্ড ‘এবি কিং’। যুক্তরাষ্ট্রে প্রথম মঞ্চ পরিবেশনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্যান্ডটি। এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে তারা দেড় কোটি টাকার অনুদান সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
ব্যান্ডটির নাম ‘এবি কিং’ রাখা হয়েছে আইয়ুব বাচ্চুর নামের ইংরেজি আদ্যাক্ষর ‘এবি’ থেকে। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছেন এলআরবির সাবেক কি-বোর্ডিস্ট ও কণ্ঠশিল্পী এস আই টুটুল, সোলসের সাবেক লিড গিটারিস্ট ইফতেখার ইফতি, আর্বোভাইরাসের সাবেক ড্রামার নাফিজ আল আমিন এবং বেইস গিটারিস্ট আকাশ আহসান। ব্যান্ডটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন ইশতিয়াক এ সিদ্দিকী। অসুস্থতার কারণে বর্তমানে সময় দিতে না পারলেও শিগগিরই কি-বোর্ডিস্ট হিসেবে ব্যান্ডে যোগ দেওয়ার কথা রয়েছে সংগীত পরিচালক ইবরার টিপুর।
১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হিউস্টনের নয়না সেন্টার অডিটোরিয়ামে এই লাইনআপ নিয়ে আত্মপ্রকাশ করে ‘এবি কিং’। ব্যান্ডটির প্রথম মঞ্চ পরিবেশনা পরিচালনা করেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস আই টুটুল।
হিউস্টনের ওই আয়োজনের উদ্যোগ নেয় সোনার বাংলা ফাউন্ডেশন, যা একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়। এস আই টুটুল, যিনি সংস্থাটির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তার নতুন ব্যান্ড ‘এবি কিং’-এর আত্মপ্রকাশের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে দেড় কোটি টাকার অনুদান সংগ্রহ করেন।
ব্যান্ডের সদস্যদের বক্তব্য অনুযায়ী, এই অর্থ সোনার বাংলা ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে।
ব্যান্ডের উদ্দেশ্য ও আইয়ুব বাচ্চুর সঙ্গে এর সম্পর্ক নিয়ে এস আই টুটুল বলেন, ‘এখন জীবনের শেষ ধাপে রয়েছি। দর্শকের ভালোবাসা, গুণী মানুষদের আদর, সম্মাননা সবই পেয়েছি। শিল্পীজীবনের কয়েক দশকের পথ পাড়ি দিয়ে মনে হয়েছে, এখন এমন একটি প্ল্যাটফর্ম গড়া উচিত, যার অংশীদার হবে সবাই। যাতে করে আমি মারা গেলেও এবি কিং কেউ না কেউ চালিয়ে নিতে পারে। সেই ভাবনা থেকে সমমনা কয়েকজনকে নিয়ে এবি কিং ব্যান্ডটি গঠন করা। একটি বিষয় স্পষ্ট করা উচিত, এবি কিং কোনোভাবে এলআরবির রিপ্লেসমেন্ট না। এটা সেই প্ল্যাটফর্ম, যেখান থেকে আমার গুরুজি আইয়ুব বাচ্চুকে সম্মান জানানো হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন কিংবদন্তির গানের পাশাপাশি পরিবেশিত হবে আমাদের মৌলিক গান। চলতি বছর আমেরিকা ও ইউরোপের একাধিক শহরে পারফর্ম করবে এবি কিং। ব্যান্ডের ডিজিটাল কনসালট্যান্সির কাজ করবে কোলাহল কমিউনিকেশন।
উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত হয়। অলাভজনক এই সংস্থাটি বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা ও বায়োমেডিকেল প্রকৌশল খাতে সামাজিক উন্নয়নে কাজ করে। বিশেষ করে কিডনি রোগীদের জন্য আধুনিক ও সাশ্রয়ী ডায়ালাইসিস সেবা, রোগ প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের জন্য স্ক্রিনিং এবং পরীক্ষাগার সেবা প্রদান করে। এছাড়া, ডায়ালাইসিস প্রযুক্তিতে দেশীয় সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন