প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শীতের আগমনী বার্তার সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে পরিযায়ী পাখি (অতিথি পাখি) আসতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয় এখন পাখিদের মুক্ত বিচরণের জন্য মুখরিত হয়ে উঠেছে। পাখির সুরক্ষা ও ক্যাম্পাসে নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু কঠোর নির্দেশনা জারি করেছে।
রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব নির্দেশনার কথা প্রকাশ করে। একইসাথে, পাখির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়কে ইতোমধ্যে পাখির বাসযোগ্য করে গড়ে তোলা হয়েছে। পাখির নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের নিরাপদ দূরত্ব থেকে পাখি পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।
পাখিদের বিরক্তি বা ভয়ভীতি না দেখানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কিছু সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে রয়েছে, জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং না করা; জলাশয়ে মাছ ধরা থেকে বিরত থাকা; ঢোল বাজানো, পটকা ফুটানো, হাততালি দেওয়া বা যেকোনো ধরনের উচ্চ শব্দ তৈরি না করা; জলাশয়ে প্লাস্টিক বা পানির বোতল ও পলিথিন না ফেলা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, পাখির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও মমত্ববোধই তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে। পরিযায়ী পাখির অভয়ারণ্য গড়ে তোলার এই লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার পূর্ণ সহযোগিতা কামনা করেছে প্রশাসন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন