প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, যে জাতি সংগীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে।
তিনি রবিবার বিশ্ব সংগীত দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ‘সংগীত উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘পাখির কণ্ঠে কণ্ঠে, পাতা পড়ার শব্দে, জল তরঙ্গে কিংবা পর্বত থেকে নেমে আসা ঝর্ণার ধারায় প্রকৃতির মাঝে থেকেই সুর ও মূর্ছনার সৃষ্টি হয়েছে। সংগীত এক দেশ থেকে অন্য দেশে, মানুষ থেকে মানুষের মাঝে নিবিড় বন্ধন তৈরি করে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দর্শন, শিল্প, সাহিত্য ও ঐতিহ্যের মাঝে সংগীতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে জাতি সংগীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে। ভাষা ভিন্ন হলেও সুর ও রাগের মূর্ছনা পৃথিবীর সব মানুষ বুঝতে পারে।’
পরিশেষে তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল সংগীতপ্রেমী, কণ্ঠশিল্পী এবং যন্ত্রশিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দীন আহমেদ (রেজাউদ্দীন স্টালিন)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক হেলাল খান। শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্বোধনী আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাদ্যযন্ত্রের সম্মিলিত পরিবেশনা। দেশ-বিদেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীরা একক এবং দলীয় পরিবেশনায় অংশ নেন।
বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পরে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উপস্থিত দর্শকরা মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন। এই সংগীত উৎসব দুই দিনব্যাপী ২২ জুন পর্যন্ত চলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন