প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ মন্তব্য করেছেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব একমাত্র পুলিশের নয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল বাহিনীকে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে। অপরাধ দমনে জনগণেরও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা প্রয়োজন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের হলরুমে মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিআইজি আশিক সাঈদ আরও উল্লেখ করেন, স্কুল চলাকালীন ও ছুটির সময় ছাত্রীদের উত্ত্যক্ত (ইভটিজিং) রোধ করতে সড়কে অতিরিক্ত পুলিশ টহল দিতে হবে। কোনো বখাটে যদি ছাত্রীদের উত্ত্যক্ত করে, তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইন থেকে কেউ রেহাই পাবে না। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আপনাদের ত্রিপল নাইন-এ ফোন করতে হবে।
এদিকে, পদ্মার চরাঞ্চলে সন্ত্রাসী তৎপরতা ও অবৈধ বালু উত্তোলনের প্রসঙ্গ তুলে ধরে ডিআইজি জানান, ওই এলাকায় ‘কাকন বাহিনী’ নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিষয়ে পুলিশ অবগত হয়েছে। অবৈধভাবে বালুমহল পরিচালনার অভিযোগে ওই গোষ্ঠীর একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। কাকনকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে। তিনি জানান, খুব শীঘ্রই উপজেলার চরাঞ্চলে অবস্থিত পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
এ দিকে, আড়ানী পৌর এলাকায় জায়গা পাওয়া গেলে সেখানেও একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। রাজশাহী বেতারের উপস্থাপিকা রোকসানা আক্তার লাকির সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর-রশিদ। বক্তব্য রাখেন বাঘা থানার ওসি সেরাজুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী মলিন। সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা আক্তার, বাঘা-চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার খালেদ মাহমুদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন