প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা সানজিদ আহমেদ মিঠুনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। টঙ্গী সরকারি হাসপাতাল গেট এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন মো. আমান, মো. লোকমান, মো. তুষার, মো. আকরাম ও মো. রবিনসহ বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।
সমাবেশে সানজিদ আহমেদ মিঠুন উল্লেখ করেন, ২০০৪ সালের ৭ মে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তৎকালীন গাজীপুর -২ আসনের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার নিহত হন। তিনি দাবি করেন, ওই হত্যা মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে গাজীপুরের জনপ্রিয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার গ্রেপ্তার হন।
মিঠুন আরও জানান, দীর্ঘ সময় ধরে মামলাটির নিষ্পত্তি হয়নি। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ মামলায় নুরুল ইসলাম সরকার দীর্ঘ ২৩ বছর ধরে কারাবন্দি রয়েছেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে মামলা থেকে তাঁকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন