প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাচের বাক্সে সারি সারি পুতুলের অবস্থান। কারও গায়ে রঙিন ঐতিহ্যবাহী পোশাক রয়েছে, আবার কারও মাথায় বিশেষ টুপি দেখা যাচ্ছে। প্রতিটি পুতুলের সাজে ফুটে উঠেছে মালদ্বীপ, কাতার, তুরস্ক, উজবেকিস্তান, ভিয়েতনাম, কেনিয়া, আজারবাইজান এবং সেনেগালের ঐতিহ্য। পুতুলের এই বৈচিত্র্যময় পোশাকের মাধ্যমে বিশ্বসংস্কৃতির পরিচয় মেলে, পাশাপাশি কাঠের গাড়ি, লাটিম ও মার্বেলও গ্রামবাংলার হারিয়ে যেতে বসা সোনালি শৈশবের স্মৃতি তুলে ধরে।
সদর উপজেলার পূর্ব আকচায়, স্থানীয় উন্নয়ন সংস্থা ইএসডিওর উদ্যোগে গড়ে ওঠা 'লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরের' লোকজ খেলনা গ্যালারিতে প্রবেশ করলে দর্শকদের সামনে এমন নান্দনিক ও মনোমুগ্ধকর দৃশ্য উন্মোচিত হয়। এক ছাদের নিচে দেশ-বিদেশের সংস্কৃতির এই মেলবন্ধন দর্শনার্থীদের মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি করছে।
বিশ্বসংস্কৃতির পরিচয় ও পুতুলের মেলা
গ্যালারির একটি নির্দিষ্ট অংশজুড়ে রয়েছে বাংলাদেশ ও ভারতসহ মোট ১০টি দেশের পুতুলের প্রদর্শনী। পুতুলের পোশাক, রঙ এবং সাজসজ্জার বৈচিত্র্য দর্শনার্থীদের নজর কাড়ছে। বইয়ের পাতায় পড়া ভিন্ন দেশের নাম ও সংস্কৃতিকে সরাসরি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রিভারভিউ বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহীন আক্তার মন্তব্য করেন, ‘বইয়ে বিভিন্ন দেশের নাম পড়লেও এভাবে একসঙ্গে তাদের ঐতিহ্যবাহী পোশাক দেখার সুযোগ হয়নি।’
জাদুঘরের এমআইএস কাম-অ্যাকাউন্টেন্ট জীবন চন্দ্র রায় জানান, দর্শনার্থীরা যেন বিভিন্ন দেশের শিল্প, সংস্কৃতি ও জীবনযাত্রার প্রাথমিক ধারণা লাভ করতে পারেন, সেই উদ্দেশ্যে এ আন্তর্জাতিক পুতুলগুলো প্রদর্শন করা হচ্ছে।
দলবদ্ধ বসা পুতুলে গ্রামবাংলার পুরোনো স্মৃতি
আন্তর্জাতিক পুতুলের পাশাপাশি গ্যালারির অন্য একটি অংশে রয়েছে গ্রামীণ সমাজের পুরোনো পরিচিত দৃশ্য—দল বেঁধে বসে থাকা নারী-পুরুষের প্রতিকৃতি। গাছের ছায়ায় বা উঠানে বসে সুখ-দুঃখের গল্প এবং হাসি-ঠাট্টায় মেতে ওঠার সেই সামাজিক আবহাওয়া বর্তমান ডিজিটাল যুগে প্রায় হারিয়ে গেছে। বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত ফারজানা বলেন, ‘পুতুলগুলোকে একসঙ্গে বসে থাকতে দেখে মনে হচ্ছে তারা গল্প করছে। বড়দের মুখে শোনা সেই পুরোনো দিনের গ্রামীণ চিত্রের দেখা মিলল এখানে।’
লাটিম ও মার্বেলে ফিরে দেখা শৈশব
গ্যালারির লোকজ খেলনার অংশে সাজানো রয়েছে কাঠের খেলনা গাড়ি, ঠেলাগাড়ি, সুতলি প্যাঁচানো লাটিম এবং মার্বেল। এক সময়ের জনপ্রিয় এসব খেলনা নতুন প্রজন্মের কাছে যেমন কৌতূহলের বিষয়, তেমনি প্রবীণদের ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা দিনে।
ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক মন্তব্য করেন, এই জাদুঘরটি কেবল প্রদর্শনীর স্থান নয়; এটি অতীতকে জানা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে ধারণা নেওয়ার এক চমৎকার ক্ষেত্র।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মনতোষ কুমার দে'র মতে, এই গ্যালারির পুতুলগুলো যেমন দূরের দেশের পরিচয় ফুটিয়ে তোলে, তেমনি লোকজ খেলনাগুলো আমাদের শিকড় ঠাকুরগাঁও এবং শৈশবের গল্প মনে করিয়ে দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন