প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলার মনপুরায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজীরহাট বাজারের ব্যবসায়ীরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে তারা এ কর্মসূচি আয়োজন করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টায় ডাকবাংলো মোড় এলাকায় অবস্থিত ওজোপাডিকোর কার্যালয়ের সামনে তিন শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। কর্মসূচির শেষে তারা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কে এম ফরিদুল ইসলামের কাছে বিদ্যুৎ সরবরাহের সমস্যা ও তাদের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে, দিনে-রাতে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও তারা ২৪ ঘণ্টায় মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন। এই অবস্থায় তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনায় চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তারা দাবি করেছেন যে, প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। অন্যথায়, বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার দাবি জানান তারা।
জানা গেছে, মনপুরায় পাওয়ার হাউজের জেনারেটরের মাধ্যমে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে ওজোপাডিকো। কিন্তু গত কয়েক মাস ধরে মেশিন নষ্ট থাকার অজুহাতে ২৪ ঘণ্টায় মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ও গ্রাহকরা। এ কারণে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এর আগে বিদ্যুৎ সরবরাহ নিয়ে ওই কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে।
হাজীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী নিজাম উদ্দিন ও হাজী বেলায়াত হোসেন বলেন, "দিনে বিদ্যুৎ পাওয়া যায় না, রাতে মেলে মাত্র এক ঘণ্টা। এতে প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা।" তারা জানান, এ পরিস্থিতির প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত সমস্যার সমাধান না করে, তবে তারা পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দিতে হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কে এম ফরিদুল ইসলাম বলেন, "আমাদের তিনটি জেনারেটরের মধ্যে দুটি নষ্ট থাকায় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে আগামী পাঁচ দিনের মধ্যে জেনারেটরগুলো সচল করা সম্ভব হলে হাজীরহাট বাজারে টানা তিন ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন