প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক পরিচালিত একটি উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হলে আধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপন করা হয়েছে। এই ল্যাবটি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, ই-লাইব্রেরি ব্যবহারের সুযোগ এবং বিভিন্ন আইটি ও ক্যারিয়ারভিত্তিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে।
শুক্রবার বিকেলে কবি জসীমউদদীন হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবটির উদ্বোধন করা হয়। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ যৌথভাবে ল্যাবটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কবি জসীমউদদীন হল সংসদের ভিপি উসমান গনী, এজিএস হিজবুল্লাহ আল হিজুলসহ ডাকসু ও হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ল্যাবটি স্থাপনের সার্বিক বাস্তবায়নে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং কবি জসীমউদদীন হল সংসদও বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে।
ল্যাবটির কার্যক্রম সম্পর্কে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম মন্তব্য করেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক কাজ থেকে শুরু করে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের ট্রেনিং এবং একই সঙ্গে একটি ই-লাইব্রেরি হিসেবে ল্যাবটি কাজে আসবে।’
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, প্রতিটি হলের একটি বড় অংশের শিক্ষার্থীর একাডেমিক কাজ করার জন্য ব্যক্তিগত ল্যাপটপ নেই। ফলে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী প্রযুক্তিনির্ভর একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হন না।
তিনি বলেন, ‘তারা তাদের ব্যক্তিগত একাডেমিক প্রয়োজন মেটানোর পাশাপাশি আইটি ও ক্যারিয়ার-সম্পর্কিত বিভিন্ন দক্ষতা এখান থেকে শিখতে পারবে।’
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ ল্যাবটি শিক্ষার্থীদের জন্য নিয়মিত ব্যবহারের উপযোগী করে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমরা ল্যাবের সার্বিক তত্ত্বাবধান করব এবং এটিকে আরও বেশি ব্যবহারযোগ্য করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন