প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাটে একটি বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে আশিফ হোসেন (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। দুর্ঘটনার সময় আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে ঘাতক বাসটিতে ভাঙচুর করে এবং সেটিতে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশিফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার হাতিগারা গ্রামের এমরান হোসেনের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম হোসেন (২২) এবং মফিজুল হোসেনের ছেলে জিহাদ হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে ‘জে আর পরিবহন’ নামের একটি বাস পাঁচবিবির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আশিফ নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার পরপরই বাসের যাত্রী ও স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে সড়কে নেমে আসেন এবং বাসটিতে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন। এর ফলে জয়পুরহাট-হিলি সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পুলিশ নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন