প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব বসতি দিবস ২০২৩ পালিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে। এই কর্মসূচিটি জেলা প্রশাসন এবং গণপূর্ত বিভাগের চাঁদপুরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। সোমবার (৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন চাঁদপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো। অনুষ্ঠানের শুরুতে দিবসের তাৎপর্য ও সার্বিক বিষয় তুলে ধরেন গণপূর্ত উপবিভাগীয় প্রকৌশলী ইমরান হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। তিনি বক্তব্যে বলেন, কেবল বর্গফুট কিংবা আর্থিক হিসাব দিয়ে বসতি বা বাসস্থানের সার্বিক মান মূল্যায়ন করা যায় না। তিনি আরও বলেন, “আমরা যারা শহরে থাকি, আমরা কি আসলে খুব ভালো থাকি? আমরা ভালো থাকতে পারি না। প্রতিটি জমির মালিক চান তাঁর জমির প্রতিটি বর্গইঞ্চি ব্যবহার করতে, যাতে কোনো জায়গা খালি না থাকে। এর ফলে কেবল যে বসবাসের সমস্যা হয় তা নয়, আমাদের মারাত্মক স্বাস্থ্যগত ও মানসিক ক্ষতিও হয়।”
জেলা প্রশাসক আলো-বাতাসের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের শরীরের জন্য ভিটামিন ডি, সূর্যের আলো ও পর্যাপ্ত আলো-বাতাস প্রয়োজন। কিন্তু আমরা স্থান বা এরিয়া বাড়ানোর চক্করে সব বন্ধ করে দিচ্ছি, যা আমাদের জন্য ক্ষতিকর।” নগরকেন্দ্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা নগরায়ণ করছি কিন্তু তা টেকসইভাবে হচ্ছে না। গ্রামে এখনও অনেক খোলামেলা পরিবেশ, গাছপালা ও জলাশয় রয়েছে। গ্রামের রাস্তাঘাট ও সুপেয় পানির ব্যবস্থা ভালো করে যদি নগরের সুবিধাগুলো পৌঁছে দেওয়া যায়, তবে আমরা শারীরিকভাবে ও মানসিকভাবে অনেক ভালো থাকতে পারব। তাই শুধু শহরমুখী না হয়ে আমাদের গ্রামমুখী হতে হবে এবং পরিবেশের কথা আলাদাভাবে চিন্তা করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর। অন্যান্য বক্তাদের মধ্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীও বক্তব্য রাখেন। আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন