প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের তারকাদের ব্যক্তিগত জীবনের অজানা দিক, প্রেম-সম্পর্ক, বন্ধুত্ব এবং বিতর্কিত মন্তব্য—এসব নিয়ে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে জনপ্রিয় আড্ডার অনুষ্ঠান ‘কফি উইথ করণ’। এবার সেই আড্ডার ইতি টানতে চলেছেন সঞ্চালক ও নির্মাতা করণ জোহর। নবম সিজনটি হবে অনুষ্ঠানটির শেষ অধ্যায়।
২০০৪ সালে শুরু হয়েছিল করণ জোহরের এই চ্যাট শো। ২২ বছরের দীর্ঘ সময়ের মধ্যে আটটি সিজনে মোট ১৬১টি পর্ব প্রচারিত হয়েছে। আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে শুরু হবে অনুষ্ঠানটির নবম ও শেষ সিজন।
এই দীর্ঘ যাত্রায় ‘কফি উইথ করণ’-এর আড্ডায় অংশগ্রহণ করেছেন বলিউডের অসংখ্য তারকা। শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই এবং কারিনা কাপুরের মতো তারকারা উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছেন। করণের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, বিয়ে এবং বন্ধুত্ব নিয়ে অনেক অজানা তথ্য প্রকাশ পেয়েছে। তৈরি হয়েছে অসংখ্য আলোচিত এবং ভাইরাল মুহূর্ত।
তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও অনুষ্ঠানটির পিছু ছাড়েনি। ২০১৯ সালে এক পর্বে নারীদের সম্পর্কে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার বিতর্কিত মন্তব্যের কারণে এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। ওই ঘটনার পর হার্দিক পান্ডিয়া এবং কে এল রাহুলকে সাময়িকভাবে জাতীয় দল থেকেও নিষিদ্ধ করা হয়েছিল।
এবার অনুষ্ঠানটি শেষ করার সিদ্ধান্তের পেছনের কারণ জানিয়ে করণ জোহর বলেছেন, ‘কফি উইথ করণ’ তার পরিচয়ের একটি বড় অংশ হলেও জীবনের পরবর্তী দশকে তিনি আরো বেশি সিনেমা পরিচালনা এবং গল্প বলার কাজে মনোযোগ দিতে চান।
দীর্ঘ ২২ বছরের পথচলার পর্দা নামার খবর শুনে ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। আগামী ১৪ অক্টোবর শুরু হতে যাওয়া নবম সিজন নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। তারকাদের আড্ডা, অজানা গল্প এবং নানা আলোচিত মুহূর্তের সাক্ষী এই অনুষ্ঠান শেষবারের মতো পর্দায় ফিরছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন