প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদক থেকে কিশোর ও যুবসমাজকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত শেখ। নিজের উদ্যোগে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামে প্রায় দুই বিঘা জমির ওপর একটি খেলার মাঠ তৈরি করে দিয়েছেন তিনি। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রানিয়াদ লুৎফর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নবনির্মিত মাঠটির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে স্থানীয় দুটি দলের অংশগ্রহণে আয়োজন করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচ। খেলার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মাঠটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গাজিবুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কিশোর-যুবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় দীর্ঘদিন ধরে কিশোর ও যুবকেরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। অন্যদিকে মাদকের বিস্তার তরুণ প্রজন্মকে ঝুঁকির মুখে ফেলছে। এমন বাস্তবতায় তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি এবং মাদক থেকে দূরে রাখার লক্ষ্যেই মাঠটি তৈরির উদ্যোগ নেন হযরত শেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মাঠ এবং ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এ সময় হযরত শেখ বলেন, তরুণদের দাবির পরিপ্রেক্ষিতে আপাতত দুই বছরের জন্য অস্থায়ীভাবে এই খেলার মাঠের ব্যবস্থা করা হয়েছে। তবে এলাকার কিশোর ও যুবকদের খেলাধুলার বিকাশে একটি স্থায়ী মাঠ অত্যন্ত জরুরি। আগামী দুই বছরের মধ্যে সরকার যেন এখানে একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
স্থানীয়দের প্রত্যাশা, মাঠটি ঘিরে এলাকায় নিয়মিত খেলাধুলার পরিবেশ গড়ে উঠবে। এতে কিশোর ও যুবকেরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ পাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন