প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৫ নভেম্বর ২০২৬ : আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ জানিয়েছেন, শতভাগ ফিট হলেই লেগ স্পিনার রশিদ খান টেস্ট খেলবেন। তিনি রশিদকে দ্রুত পাঁচ দিনের ফরম্যাটে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
রশিদকে নিয়ে রহমত এ কথা বলেন জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে।
পিঠের ইনজুরির কারণে দেড় বছরেরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে অনুপস্থিত রশিদ। গত বছর তিনি পিঠের অস্ত্রোপচারও করিয়েছেন।
২০২৫ সালের জানুয়ারিতে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিরুদ্ধে সর্বশেষ টেস্ট খেলেছিলেন রশিদ। এরপর থেকে তাকে আর লাল বলের ম্যাচে দেখা যায়নি। তবে নিয়মিত ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলে যাচ্ছেন এই স্পিনার।
চোটের ঝুঁকি ও কাজের চাপের কারণে টেস্ট থেকে দূরে আছেন রশিদ। তিনি পুরোপুরি ফিট হলেই আবারও টেস্ট দলে ফিরবেন।
রহমত বলেন, ‘আফগানিস্তান দলের মেডিকেল স্টাফ ও ফিজিওরা জানিয়েছেন, রশিদ এখনও টেস্ট খেলার মত অবস্থায় নেই। মেডিকেল দল তাড়াহুড়া করে রশিদকে টেস্ট দলে ফেরাতে চায় না। তিনি এখনও শতভাগ ফিট নন।’
তিনি আরও বলেন, ‘সাদা বলের ক্রিকেটে আমাদের জন্য রশিদ একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা তাকে টেস্ট দলে ফিরিয়ে নিয়ে আসার ঝুঁকি নিতে চাই না।’
সুস্থ হলেই রশিদকে টেস্ট দলে পাওয়া যাবে বলে রহমত জানান। তিনি বলেন, ‘আমি আশা করছি, রশিদ দ্রুত সুস্থ হয়ে উঠবে। খেলার মত ফিট হলেই তাকে দলে পাওয়া যাবে। সে টেস্ট খেলতে ভালোবাসে। তবে শরীর যদি সায় না দেয় এবং চিকিৎসকরা খেলার অনুমতি না দেন, তাহলে দল ঝুঁকি নিবে না।’
তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে চার ওভার বল করতে হয় এবং সাড়ে তিন ঘন্টায় খেলা শেষ হয়ে যায়। চাপও কম থাকে। কিন্তু টেস্টে দীর্ঘ সময় বল করতে হয়। পাঁচ দিনের খেলায় তার উপর কাজের চাপ বেশি থাকবে। পিঠের চোটের কারণে অতীতে কাজের চাপের বিষয়টি সতর্কতার সাথে সামলাতে হয়েছে তাকে।’
রহমত আরও বলেন, ‘রশিদ ও বোর্ডের সাথে আমার কথা হয়েছে। টেস্টে ফিরতে সে মুখিয়ে আছে। বোর্ডও সাবধানে এগোতে চায়। শতভাগ ফিট হলেই রশিদ আবার টেস্ট দলে ফিরবে।’
২০১৮ সালে অভিষেকের পর থেকে রশিদ এখন পর্যন্ত ৬ টেস্টে ৪৫ উইকেট শিকার করেছেন। এর মধ্যে ইনিংসে ৫ বা তার অধিক উইকেট পাঁচবার এবং ম্যাচে তিনবার দশ উইকেট শিকার করেছেন তিনি।
এছাড়াও ১২৬ ওয়ানডেতে ২৩৭ এবং ১২১ টি-টোয়েন্টিতে ২০০ উইকেট শিকার করেছেন রশিদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন