প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের মধ্যে সড়ক যোগাযোগের আধুনিকীকরণ ও গতিশীলতা বাড়াতে নির্মিত পঞ্চবটি-চরসৈয়দপুর দ্বিতল সড়ক আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে যান চলাচল শুরু করবে। এই সড়কটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ছয় কিলোমিটার এবং বর্তমানে নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন পিচঢালাইয়ের শেষ স্তর (টপ লেয়ার), এক্সপানসন জয়েন্ট এবং সড়ক চিহ্নিতকরণের (রোড মার্কিং) প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, ‘মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ ও দোতলাকরণ’ প্রকল্পের আওতায় নির্মিত ৬ দশমিক ২৮ কিলোমিটার দীর্ঘ এ দ্বিতল সড়ক চলু হলে দুই জেলার মধ্যে যান চলাচল আরও সহজ এবং গতিশীল হবে। এই মেগা অবকাঠামো তীব্র যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন, দ্বিতল সড়কটির ওপরিভাগ ৩৬ ফুট প্রশস্ত এবং এটি দুই লেনবিশিষ্ট। সড়কের স্থায়িত্ব সুনিশ্চিত করতে প্রতি ৯০ মিটার পর পর এক্সপানসন জয়েন্ট স্থাপন করা হচ্ছে। বর্তমানে টপ লেয়ার বিটুমিনাস কার্পেটিংয়ের প্রস্তুতি হিসেবে শেষ ধাপের কাজ চলছে। এরপর রোড মার্কিং সম্পন্ন করা হবে।
এই সড়ক চালু হওয়ার পর দ্বিতীয় তলা বা উপরতলা দিয়ে চলাচলকারী যানবাহনকে নির্দিষ্ট হারে টোল দিতে হবে। তবে নিচতলার ৫৪ ফুট প্রশস্ত চার লেনের সড়কটি আগের মতোই টোলমুক্ত থাকবে, এমনটি নিশ্চিত করেছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দ্বিতল সড়ক চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও পুরো প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। জমি অধিগ্রহণ, অবকাঠামো স্থানান্তর এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়কের দেড় কিলোমিটার অংশের ঢালাই কাজ এখনও সম্পন্ন হয়নি।
ফলে দীর্ঘদিন ধরে চলমান নির্মাণকাজের কারণে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের ভোগান্তি হতে দেখা গেছে। বিভিন্ন স্থানে ধুলাবালি, খোঁড়াখুঁড়ি এবং আংশিক নির্মাণকাজের কারণে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে চলমান এ প্রকল্পের কারণে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত বাকি কাজ সম্পন্ন করে পুরো সড়ক জনগণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।
জানতে চাইলে প্রকল্পের ভারপ্রাপ্ত টিম লিডার প্রকৌশলী জহুরুল হক বলেছেন, 'পঞ্চবটি-চরসৈয়দপুর দ্বিতল সড়ক জুলাইয়ের শেষ সপ্তাহে চালু করার লক্ষ্য নিয়ে দিনরাত কাজ চলছে। এদিকে মুক্তারপুর-পঞ্চবটি অংশের অবশিষ্ট কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে।'
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন, ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকার এই মেগা প্রকল্পের সব কাজ শেষ হলে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং রাজধানী ঢাকা সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে। একই সঙ্গে এই শিল্পাঞ্চল ও বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহনে সময় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্য হারে কমবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন