প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি পলাতক শক্তিকে সতর্ক করে বলেন, ধৈর্যের সীমা যাতে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই আলোচনা সভার আয়োজন করে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সমালোচনা করে, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাঁকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ আজ তাঁরাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল মারছেন। তিনি অভিযোগ করেন, তাঁরা কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তায় নাশকতার নির্দেশ দিচ্ছেন এবং দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন।
রিজভী উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও পরে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রাম এবং চব্বিশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকের আত্মত্যাগের বিনিময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, আবারও বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই ‘জমিদারি’ ফিরে পেতেই বোমাবাজি করে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে। তবে যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে বা বোমা মেরে দমানো যাবে না।
মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। তিনি ১৯৫৭ সালেই বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান টিকবে না এবং এ দেশ স্বাধীন হবে। তিনি তখনই পাকিস্তানকে ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখার ভূমিকা পালন করেছিলেন।
রিজভী উল্লেখ করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে ও ১৯৭৬ সালে ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি বলেন, মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। উত্তর প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরতে তাঁর সংগ্রামী জীবন নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সঞ্চালনা করেন প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সভায় বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন