প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে পুলিশ কর্তৃক ধরা পড়েছেন একরামুল হক রবিন (৪৬), যিনি মানিকগঞ্জের সাটুরিয়ার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে সাটুরিয়া থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া একরামুল হক রবিন সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রফিকুল ইসলাম মিলুর পুত্র।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০০৮ সালের ১৮ জুলাই সাটুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(ক)/৩০ ধারায় একটি মামলা (মামলা নং-৬) দায়ের করা হয়। ওই মামলায় আদালত একরামুল হক রবিনকে মৃত্যুদণ্ড প্রদান করে। আদালতের রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।
সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই মিঠুন কুমার দাস ও এএসআই মশিউর রহমানসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিনের অবস্থান শনাক্ত করা হয় এবং চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তাঁকে মানিকগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন