প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনায় অগ্নিসন্ত্রাস, নাশকতা ও সহিংসতা প্রতিরোধের উদ্দেশ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরীর পাড়া-মহল্লায় রাতভর পাহারা প্রদান করেছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে তারা মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করেন। পরে রাতের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোতে অবস্থান নিয়ে পাহারা দেন নেতাকর্মীরা।
মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জানিয়েছেন, নগরীর প্রতিটি ওয়ার্ড কমিটির নেতৃত্বে নেতাকর্মীরা এ পাহারা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। তিনি আরও জানান, নগরের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা সংগঠিতভাবে তাদের দায়িত্ব পালন করেছেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানিয়েছেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে নগরীর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ মোড়ে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবেন। তিনি জানান, অগ্নিসন্ত্রাস, নাশকতা ও যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির এক সভায় এসব কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নগরীর ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নে প্রতিবাদ মিছিল, পাড়া-মহল্লায় শৃঙ্খলা টিম গঠন এবং গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার পরিকল্পনা করা হয়।
এছাড়া নগরীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে এই সেল পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা প্রদান করবে।
দলীয় নেতারা জানিয়েছেন, সাধারণ মানুষের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাই এসব কর্মসূচির মূল লক্ষ্য। একই সঙ্গে নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন