প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) আকস্মিক অভিযান পরিচালনা করে স্বাস্থ্যসেবায় বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও আর্থিক অসংগতির প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত রাঙামাটি জেলা দুদকের সহকারী পরিচালক সরোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযানটি অনুষ্ঠিত হয়।
অভিযানের সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ, ওষুধের স্টোর, রোগীদের সেবার কার্যক্রম এবং সংশ্লিষ্ট নথিপত্র পরিদর্শন করা হয়। এতে বেশ কিছু অনিয়ম ও অসংগতি প্রকাশ পায়।
দুদকের অভিযানে দেখা যায়, আল্ট্রাসনোগ্রাফি সেবার দায়িত্বে থাকা চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এছাড়া, আল্ট্রাসনোগ্রাফি কক্ষটি অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। চলতি নভেম্বর মাসে ইসিজি (ECG) পরীক্ষার কোনো রেজিস্টার সংরক্ষণ করা হয়নি। হাসপাতালের স্টোরে ওষুধ মজুত থাকা সত্ত্বেও রোগীদের নিয়ম অনুযায়ী ওষুধ সরবরাহ না করার অভিযোগও উঠে আসে।
এছাড়া, হাসপাতালের ওয়ার্ড ও শৌচাগারের অপরিচ্ছন্নতা, ওষুধের স্টক ও সরবরাহের তথ্যে গরমিল এবং কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা ব্যবস্থাপনায় অসংগতি শনাক্ত করা হয়।
অন্যদিকে, অ্যাম্বুলেন্স চালকের লগবুক সংরক্ষণেও অসংগতি পাওয়া গেছে। রোগীদের বিভিন্ন স্থানে নেওয়ার কথা বলে চালক অতিরিক্ত টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়েও অনুসন্ধান চলছে।
অভিযান শেষে রাঙামাটি জেলা দুদকের সহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ওষুধের মজুত থাকা সত্ত্বেও রোগীদের ওষুধ না দেওয়া, অপরিচ্ছন্ন ওয়ার্ড ও টয়লেট, আল্ট্রাসনোগ্রাফি সেবায় অনিয়ম, ওষুধের স্টকে গরমিল এবং কর্মকর্তা-কর্মচারীদের হাজিরায় অসংগতি পাওয়া গেছে।
তিনি আরও জানান, হাসপাতালের বাজেটের অর্থ নির্ধারিত খাতের বাইরে ব্যয় এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে। অভিযানে সংগৃহীত নথিপত্র ও তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সরকারি হাসপাতালে ওষুধ মজুত থাকা সত্ত্বেও রোগীরা তা না পেলে এবং সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। দুদকের এ অভিযান সংশ্লিষ্ট অনিয়মের প্রকৃত চিত্র উদ্ঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন