প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ৩টা নাগাদ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ প্রদান করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মোড়ল এদিন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দিন জানান, এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এ সময় নাহিদের পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।
আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদ মামলার ঘটনার এবং পলাতক অন্য আসামিদের সম্পর্কে তথ্য প্রদান করেছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা এবং সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। তবে তদন্তের প্রয়োজনে পরবর্তীতে তাকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ১৯ নভেম্বর রাত ২টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযানটি পরিচালিত হয়। পরে উত্তরা পশ্চিম থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কোটা সংস্কার আন্দোলন চলছিল। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং গুলি করে। এতে জামিয়াছিন ইসলামীয়া মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন। পরে তাকে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।
এছাড়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় দায়ের করা হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার ১৪টি মামলায় তার নাম উল্লেখ করা হয়েছে বলে সিডিএমএস পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন