প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্যগুদাম ‘নারায়ণগঞ্জ সাইলো’ থেকে খাদ্যশস্য পরিবহণের ভাড়া নিয়ে ঠিকাদার ও পরিবহণ শ্রমিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এর ফলে গত পাঁচ দিন ধরে চাল-গমসহ খাদ্যশস্য পরিবহণ কার্যক্রম বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সরকারি খাদ্য সরবরাহ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সাইলো কর্মকর্তা ও ঠিকাদারদের সূত্রে জানা গেছে, জ্বালানি ও গাড়ি পরিচালনার ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে শ্রমিকেরা পরিবহণ ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন। তবে ঠিকাদাররা সরকারি দরপত্রে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ দিতে রাজি নন। এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের এক পর্যায়ে পরিবহণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ আন্তজেলা ট্রাক-কাভার্ডভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাইলো শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান লিপু জানিয়েছেন, জ্বালানি ও পরিবহণ পরিচালনার ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমান ভাড়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি যৌক্তিকভাবে ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, ঠিকাদারদের বক্তব্য হলো, সরকারি দরপত্রে নির্ধারিত দর ও বাজেটের বাইরে অতিরিক্ত ভাড়া দেওয়ার বিষয়টি তাদের পক্ষে সম্ভব নয়।
কেন্দ্রীয় খাদ্য সরবরাহ ঠিকাদার সমিতির সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হাই রাজু মন্তব্য করেছেন, একটি কুচক্রী মহল পরিবহণ শ্রমিকদের উসকানি দিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।
তিনি আরও বলেন, সাইলো ও বিশ্ব খাদ্যগুদাম সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেখান থেকে খাদ্যশস্য সরবরাহ বন্ধ রাখা কোনোভাবেই কাম্য নয়। পরিস্থিতির প্রকৃত কারণ তদন্ত করে দ্রুত পরিবহণ কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সাইলোর সুপার রিয়াজুল আলমের বক্তব্য জানতে চাইলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন