প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ ২০২৫’ শীর্ষক প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রাপ্ত উপাত্ত পর্যালোচনা বিষয়ক স্টেকহোল্ডার সেমিনার গত শনিবার বিবিএস অডিটোরিয়াম, পরিসংখ্যান ভবন, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দীপেন দেওয়ান, এমপি, রাঙ্গামাটি-২৯৯; মিজ্ মাধবী মার্মা, এমপি (সংরক্ষিত আসন), বান্দরবান; মিজ্ আন্না মিন্জ, এমপি (সংরক্ষিত)- নাটোর ও নওগাঁ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ফিরোজ সরকার, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।
এছাড়াও আমন্ত্রিত জেলা প্রশাসকগণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংগঠনের বিভিন্ন অংশীজন ও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থা, বিবিএস ও এসআইডির কর্মকর্তাগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ শামীমুল হক, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬ বিষয়ক উপস্থাপনা প্রদান করেন জনাব ফারহানা সুলতানা, প্রকল্প পরিচালক, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ ২০২৫’ প্রকল্প, বিবিএস।
সম্মানিত অতিথিগণ অনুষ্ঠানে দেশব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, বিবিএস কর্তৃক প্রণীত এই তথ্য সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে ব্যাপক অবদান রাখবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬ একটি বিশেষ স্বতন্ত্র ফুল কাউন্ট জরিপ, যা দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক বিভিন্ন সূচক ও তথ্য-উপাত্ত সংগ্রহের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। সেমিনারে নিম্নবর্ণিত আলোচ্য বিষয়াদি উঠে এসেছে। দেশব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ ও আর্থসামাজিক বিভিন্ন সূচক ও পিএমটি স্কোর প্রস্তুত করা হবে। জরিপের মাধ্যমে বেনিফিসিয়ারি সিলেকশন পদ্ধতি ও তার প্রয়োগের মাধ্যমে কার্যক্রমটি বাস্তবায়িত হতে যাচ্ছে। এই তথ্য-উপাত্ত ব্যবহার করে সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রামের প্রোপার টার্গেটিং করার সুযোগ সৃষ্টি হবে।
আগামী আগস্ট ২০২৬ মাসে মাঠপর্যায়ে পূর্ণাঙ্গ ডাটাবেইজ প্রস্তুতির জন্য দেশব্যাপী শর্ট কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে ফুল কাউন্ট সার্ভে পরিচালনা করা হবে। আজকের কর্মশালার পর অনুষ্ঠিত টেকনিক্যাল সেশন থেকে প্রাপ্ত সুপারিশসমূহ মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও প্রশ্নপত্র চূড়ান্তকরণে সহায়ক ভূমিকা পালন করবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের তথ্যসংগ্রহ কার্যক্রমে কিছু চ্যালেঞ্জ বিদ্যমান। তাই স্থানীয় প্রশাসনসহ সার্বিক সহযোগিতা প্রয়োজন। এ ধরনের বিশেষ জরিপের উপাত্ত নীতিনির্ধারণ ও মাঠপর্যায়ে সরকার ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রোগ্রামের সেবাসমূহ নির্বিঘ্নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সহায়তা করবে।
প্রকল্প পরিচালক ফারহানা সুলতানার উপস্থাপনায় প্রকল্পের লক্ষ্য, যৌক্তিকতা, কার্যক্রম, জরিপ পদ্ধতি, প্রশ্নপত্র, প্রক্সি মিনস টেস্ট স্কোর এবং ফুল কাউন্ট জরিপের প্রাপ্ত উপাত্তের খসড়া চিত্র তুলে ধরা হয়। তিনি উল্লেখ করেন, প্রকল্পের উদ্দেশ্য হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসংখ্যার খানাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা ও বেঞ্চমার্ক ডাটাবেইজ প্রস্তুত করা, আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য নিরূপণ করা এবং নীতিনির্ধারণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচির জন্য উপযোগী তথ্যভিত্তি গড়ে তোলা।
উপস্থাপনায় জানানো হয়, ১৬-২০ জুন ২০২৬ সময়ে ১৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত এলাকায় পাইলটিং কার্যক্রম পরিচালনার পর ১-৩০ অক্টোবর ২০২৬ সময়ে দেশব্যাপী ফুল কাউন্ট জরিপ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত সময়ে বাদ পড়া খানা অন্তর্ভুক্ত করা হবে এবং ডাটার ভ্যালিডেশন কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তী পর্যায়ে ১-২৫ আগস্ট ২০২৭ সময়ে নমুনা এলাকায় বিস্তারিত আর্থসামাজিক জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে। ফুল কাউন্ট জরিপের প্রশ্নপত্রে এলাকা পরিচিতি, নৃ-গোষ্ঠী খানা শনাক্তকরণ, খানার বৈশিষ্ট্য, সদস্যদের তথ্য, শিক্ষা ও প্রশিক্ষণ, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বিদেশে বসবাসকারী সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
জরিপের প্রাথমিক উপাত্তের উপস্থাপনায় বিভাগভিত্তিক খানা বিন্যাস, সর্বাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খানা রয়েছে এমন দশটি জেলা এবং নৃ-গোষ্ঠীভিত্তিক খানার বিন্যাস তুলে ধরা হয়। উপস্থাপিত শীর্ষ জেলার তালিকায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নওগাঁ, মৌলভীবাজার, দিনাজপুর, রাজশাহী, চট্টগ্রাম, হবিগঞ্জ ও ময়মনসিংহ অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো খসড়া চিত্র; তথ্য যাচাই-বাছাই ও চূড়ান্তকরণের পর নির্ভরযোগ্য ফলাফল প্রকাশ করা হবে।
জরিপের তথ্যসংগ্রহে মোবাইলভিত্তিক সিএপিআই অ্যাপ্লিকেশন এবং বিবিএসের নেটওয়ার্ক অপারেশনস সেন্টার থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে তথ্য পর্যবেক্ষণের ব্যবস্থা উপস্থাপন করা হয়। পিএমটি পদ্ধতিতে খানার বৈশিষ্ট্য ও সদস্যদের তথ্যের ভিত্তিতে আর্থসামাজিক অবস্থার একটি আনুমানিক স্কোর নির্ণয় করা হয়, যা উপযুক্ত যাচাই ও নীতিগত মানদণ্ড সাপেক্ষে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সম্ভাব্য উপকারভোগী শনাক্তকরণে সহায়ক হতে পারে।
এই উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জীবনমান সম্পর্কে বিভাজিত পরিসংখ্যান প্রণয়ন, দারিদ্র্য বিমোচন কার্যক্রমের পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন অভীষ্টের ‘কাউকে পেছনে ফেলে নয়’ নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ তথ্যভিত্তি হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেমিনারের আলোচনা ও অংশীজনদের মতামত পরবর্তী তথ্য যাচাই, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়নে বিবেচনা করা হবে। এ পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এ জরিপ কার্যক্রম বিবিএস কর্তৃক পরিচালনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন