প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আশ্বিন-কার্তিক মাসে দেশের উত্তরাঞ্চলে একসময় কাজের অভাবে তীব্র খাদ্য সংকট দেখা দিত, যা স্থানীয় ভাষায় ‘মঙ্গা’ বা দুর্ভিক্ষ নামে পরিচিত ছিল। বর্ষাকালে বন্যা ও নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে তিস্তার চরের মানুষ নিঃস্ব হয়ে পড়ত এবং বেঁচে থাকার জন্য চরম কষ্টে দিন কাটাতে হতো।
মঙ্গাপীড়িত উত্তরাঞ্চলের কৃষকদের স্বাবলম্বী করার জন্য সরকার বিভিন্ন প্রণোদনা গ্রহণ করেছে। মৌসুমের শুরুতে কৃষকদের সার-বীজসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। এসব সুযোগ সুবিধা পাওয়ার পর উত্তরের নদ নদীতে জেগে ওঠা চরে কৃষকরা নানা ধরনের ফসল ফলানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।
কৃষি বিভাগ জানায়, তিস্তা, ধরলা, সানিয়াজান ও ব্রহ্মপুত্র নদীর চরে অন্তত ৪শ’ ৬২টি চর জেগে উঠেছে। এসব চরের অন্তত ৩৩ হাজার হেক্টর জমিতে কৃষকরা বিভিন্ন ধরনের রবিশস্য চাষাবাদ করবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু বক্কর সাইফুল ইসলাম বলেন, "চরের জমি অস্বাভাবিক উর্বর হওয়ায় চরের কৃষকদের আর পিছনে ফিরে তাকাতে হয় না। যে ফসল তারা আবাদ করেন, তা দিয়ে তাদের চলে ১২ মাস।"
বর্তমানে তিস্তার চরাঞ্চলে আগাম ভুট্টা চাষ শুরু হয়েছে। চরের বিস্তীর্ণ জমিতে বীজ রোপণের কাজ চলছে। পুরুষদের পাশাপাশি নারীরাও এসব কাজে অংশ নিচ্ছেন। তারা দিনভর মাঠে কাজ করে দৈনিক ৩৫০ থেকে ৪০০ টাকা মজুরি পাচ্ছেন। নিজেদের শ্রমের মাধ্যমে উপার্জিত এ অর্থ দিয়ে সংসারের খরচে সহায়তা করার পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয়ও বহন করছেন অনেকে।
লালমনিরহাটের হাতীবান্ধার পারুলিয়া তিস্তার চরাঞ্চলে গিয়ে দেখা গেছে, ক্ষেতে আগাম ভুট্টা চাষের ব্যস্ততা চলছে। এ কর্মব্যস্ততার মধ্য দিয়ে কৃষিশ্রমিক হিসেবে কাজ করে চরাঞ্চলের নারীরা নিজেদের স্বাবলম্বী করে তুলছেন।
সরেজমিনে দেখা যায়, তিস্তার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চর। কোথাও সদ্য প্রস্তুত করা জমি, কোথাও চলছে আগাম ভুট্টার বীজ রোপণ। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছেন নারীরাও। কারও হাতে বীজ, কেউ ব্যস্ত সারি ধরে বীজ রোপণে। পুরুষ শ্রমিকদের পাশাপাশি পাঁচ-ছয়জনের ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করছেন নারীরাও। সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের কর্মব্যস্ততা অব্যাহত থাকে। তিস্তার চরাঞ্চলের মানুষের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন কৃষি। মৌসুমভিত্তিক ফসলের ওপর নির্ভর করেই এখানকার অসংখ্য পরিবারের জীবন-জীবিকা চলে। আগাম ভুট্টা চাষ শুরু হওয়ায় কৃষিজমিতে কর্মচাঞ্চল্য ফেরার পাশাপাশি নারী-পুরুষ উভয়ের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারীদের জন্য কৃষিশ্রম হয়ে উঠেছে বাড়তি আয়ের গুরুত্বপূর্ণ মাধ্যম।
এমনই এক নারী শ্রমিক পারুল বেগম। তিনি ওই উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের বাসিন্দা। ভুট্টার বীজ রোপণ করে প্রতিদিন ৪০০ টাকা মজুরি পান তিনি। নিজের উপার্জিত অর্থ দিয়ে সংসারের খরচে সহযোগিতা করার পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয়ও বহন করছেন বলে জানান তিনি।
পারুল বেগম বলেন, "প্রতিদিন ভুট্টার বীজ রোপণ করে ৪শ’ টাকা পাই। এ টাকা দিয়ে সংসারের খরচ চালানোর পাশাপাশি ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে পারছি। নিজের আয় থাকায় সংসারেও কিছুটা স্বস্তি এসেছে।"
একই এলাকার রমিছা বেগম বলেন, "সংসারে অভাব-অনটন লেগেই থাকে। শুধু স্বামীর আয়ে সব খরচ চালানো কঠিন। তাই নিজেরাও মাঠে কাজ করতে নেমেছি। এতে সংসারের আর্থিক চাপ কিছুটা কমছে।"
সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা গুলনাহার বেগম বলেন, "নারীরা এখন আর ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নেই। পরিবার, সমাজ ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিস্তার চরাঞ্চলের নারীরা কৃষিকাজ করে সংসারের হাল ধরছেন, সন্তানদের পড়াশোনার খরচ জোগাচ্ছেন।"
তিনি বলেন, "নারীদের এ পরিশ্রম, সাহস ও আত্মনির্ভরশীলতা সত্যিই প্রশংসনীয়। যথাযথ সুযোগ ও সম্মান পেলে নারীরা নিজেদের যোগ্যতা দিয়ে পরিবার ও সমাজকে আরও এগিয়ে নিতে পারবেন।"
রংপুরের চর ইচলি, চর মহিপুর, চর বাগেরহাটসহ বেশ কিছু চর ঘুরে দেখা গেছে, নারী-পুরুষরা মিলে চরে কাজ করছেন। কেউবা লাগাচ্ছেন সবজি, কেউবা জমিতে চাষাবাদ করছেন ভুট্টার।
কৃষকরা বলছেন, তিন মাসের ফসলেই তাদের সংসার চলে ৬ মাস। সরকারি সহযোগিতা পাওয়ায় তারা বেজায় খুশি। তাদের ভাষ্য অনুযায়ী, চরের জমি পলিময় হওয়ায় সব ধরনের ফসলই ভালো হয়। শ্রমও কম দিতে হয়। তাই তারা চরের ফসলের দিকে সব সময় তাকিয়ে থাকেন।
হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা হারুন মিয়া বলেন, "চলতি মৌসুমে এ উপজেলার তিস্তার চরাঞ্চলে ২ হাজার ২৯০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন চরে আগাম ভুট্টা চাষ শুরু হয়েছে। এতে পুরুষদের পাশাপাশি নারীরাও কৃষিশ্রমিক হিসেবে কাজের সুযোগ পাচ্ছেন। তাদের এই অংশগ্রহণ সংসারে বাড়তি আয়ের পাশাপাশি নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করছে।"
তিনি আরও বলেন, "তিস্তার চরে এখন শুধু ভুট্টার বীজই বুনছেন না নারীরা, বুনছেন নিজেদের স্বাবলম্বী হওয়ার স্বপ্নও। তাদের শ্রমে যেমন সমৃদ্ধ হচ্ছে কৃষি, তেমনি বদলে যাচ্ছে অনেক পরিবারের অর্থনৈতিক বাস্তবতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন